রাজধানীর ডেমরার কোনাপাড়া এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. দুলাল মিয়া (৪৫) নামে ভুসির ফ্যাক্টরির এক কর্মচারীর মৃত্যু হয়েছে। অপরেিদক নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের মৌচাক এলাকায় রাস্তা পারাপারের সময় বাসের ধাক্কায় নন্দ লাল দাস (৪০) নামের এক ব্যবসায়ী নিহত হয়েছেন। গতকাল শনিবার সকালে ঘটনা দুটি ঘটে।
বিদ্যুৎস্পৃষ্টে মৃত দুলাল মিয়া লক্ষ্মীপুরের রামগতি থানার মৃত আবুল কালাম আজাদের ছেলে। ডেমরার কোনাপাড়া এলাকায় ভাড়া থাকতেন।
বাসের ধাক্কায় নিহত ব্যবসায়ী নন্দ লাল দাসের ভাই হৃদয় বলেন, ‘আমার ভাই বৈদ্যুতিক সরঞ্জামের ব্যবসা করতেন। গতকাল মালামাল কেনার জন্য সিদ্ধিরগঞ্জের মৌচাকে যান। রাস্তা পারাপারের সময় নীলাচল নামের একটি গাড়ি তাকে ধাক্কা দেয়। পরে গুরুতর আহত অবস্থায় প্রথমে স্থানীয় একটি হাসপাতাল ও পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’