কুমিল্লার তিতাসে সন্ত্রাসীদের গুলিতে যুবলীগ নেতা জামাল হোসেন হত্যাকাণ্ডের ঘটনায় ১২ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেছে ডিবি পুলিশ। এ ছাড়া মামলার অভিযোগ থেকে তিতাস উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান সোহেল শিকদারসহ ৫ জনকে অব্যাহতি দেওয়া হয়েছে। গতকাল রবিবার এসব তথ্য নিশ্চিত করেন মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবির ওসি রাজেস বড়ুয়া। এদিকে খুনি এবং পরিকল্পনাকারীদের বাদ দিয়ে চার্জশিট দেওয়া হয়েছে বলে অভিযোগ বাদীর।
চার্জশিটভুক্ত আসামিরা হচ্ছেন তিতাস উপজেলার জিয়ারকান্দি গ্রামের শুটার আকাশ ওরফে আরিফ, কালা মনির ও দাউদকান্দির চরচারুয়া গ্রামের দেলোয়ার হোসেন ওরফে দেলু। অপর আসামিরা হচ্ছে জিয়ারকান্দি গ্রামের সুজন মিয়া, ইসমাইল, মো. রবি, শাহপরান, আল-আমিন ওরফে শাহ আলী, তিতাসের লালপুর গ্রামের সুমন হোসেন ওরফে ড্রাইভার সুমন, ফরাজি বাড়ি গ্রামের সহিদুল ইসলাম ওরফে সাদ্দাম মাস্টার, দাউদকান্দির গোপচর গ্রামের পা কাটা শাহ আলম ও দেবিদ্বার উপজেলার রসুলপুর গ্রামের অলি উল্লাহ ওরফে অলি হাসান।
অন্যদিকে মামলার অভিযোগ থেকে অব্যাহতি পাওয়া ব্যক্তিরা হচ্ছেন তিতাস উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও মনাইরকান্দি গ্রামের মো. শাহীনুল ইসলাম ওরফে সোহেল শিকদার, জিয়ারকান্দি গ্রামের বাদল রিয়াজ, একই গ্রামের আতিকুর রহমান শাকিল, দেবিদ্বারের নবীয়াবাদ গ্রামের মো. মাসুদ ও মাজহারুল ইসলাম সৈকত।