চট্টগ্রাম নগরে পুলিশের তালিকাভুক্ত এক সন্ত্রাসীকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। তার নাম মো. সাহেদ হোসেন ওরফে মনা (২৮)। অভ্যন্তরীণ বিরোধের জেরে একই গ্রুপের সহযোগীরা
গতকাল রবিবার (৭ জুলাই) রাতে নগরের স্টেশন রোডের পাখি মার্কেট গলিতে এই হত্যাকাণ্ড ঘটায়। সাহেদ খুনের ঘটনায় তার বাবা বাদী হয়ে কোতোয়ালী থানায় মামলা দায়ের করেছেন। এ ঘটনায় ফরহাদ ও সজীব নামে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
নিহত সাহেদ হোসেন মনা মীরসরাই উপজেলার মায়ানি ইউনিয়নের পূর্ব মায়ানি গ্রামের মো. শাহ আলমের ছেলে। থাকতেন নগরের রিয়াজউদ্দিন বাজার এলাকায়। তার বিরুদ্ধে কোতোয়ালী থানায় অস্ত্র, ডাকাতি ও দ্রুত বিচার আইনে আটটি মামলা আছে। ছিনতাই, চাঁদাবাজি, ডাকাতি, কিশোর গ্যাং পরিচালনা, মাদক বিক্রিসহ নানা অপরাধের সঙ্গে সাহেদ জড়িত থাকার অভিযোগ ছিল।
নগর পুলিশের কোতোয়ালী জোনের সহকারি কমিশনার অতনু চক্রবর্তী জানান, স্টেশন রোড ও রিয়াজউদ্দিন বাজার এলাকায় গড়ে ওঠা একটি কিশোর গ্যাংয়ের অন্যতম হোতা সাহেদ। সম্প্রতি নিজেদের মধ্যে বিরোধ তৈরি হয়। বিরোধের জেরে একই গ্রুপের আরেক হোতা জুয়েলের সঙ্গে গত রবিবার রাতে পাখির গলিতে সাহেদের ঝগড়া হয়। জুয়েলের ছুরিকাঘাতে গুরুতর আহত সাহেদকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সাহেদ খুনের ঘটনায় প্রত্যক্ষভাবে জড়িত ফরহাদ ও সজীব নামে দুজনকে সোমবার সকালে রিয়াজউদ্দিন বাজার এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।’