গুপ্তধন দেওয়ার নামে ৭০ হাজার টাকা নিয়ে চম্পট কবিরাজের 

বরগুনার আমতলীতে গুপ্তধন দেওয়ার প্রলোভন দেখিয়ে এক পরিবারের কাছ থেকে ৭০ হাজার টাকা নিয়ে পালিয়ে গেছেন কবিরাজ। মঙ্গলবার (৯ জুলাই) সকাল ৯টায় উপজেলার কুকুয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মো. জলিল হাওলাদারের বাড়িতে এ ঘটনা ঘটে। 

এ বিষয়ে ভুক্তভোগী জলিল হাওলাদার বলেন, ‌‘আমার মেয়ে ফারজানা দীর্ঘদিন ধরে অসুস্থ। অনেক চিকিৎসক দেখিয়েও কোনো লাভ হয়নি। সর্বশেষ প্রতিবেশী জসিম কবিরাজকে বাড়িতে এনে মেয়ের চিকিৎসা করাই। মেয়ে এখন মোটামুটি সুস্থ। তাই তার ওপর আমাদের বিশ্বাস জন্মায়। ওই কবিরাজ বলেন, আমাদের ঘরের মাটির নিচে পাতিলে গুপ্তধন রয়েছে। তা খুঁজে দিতে তাকে ৭০ হাজার টাকা দিতে হবে। গুপ্তধনের প্রলোভনে পড়ে আমরা তাকে টাকা দেই।’ 

তিনি আরও বলেন, ‘কবিরাজের কথা মতো ঘরের মাটির নিচে একটি পাতিল পাওয়া যায়। কিন্তু সেখানে সাদা কাপড়ে মোড়ানো পাকিস্তান আমলের একটি ৫ পয়সার কয়েন ও ভারতীয় ১০০ পায়সার ১টি কয়েন পাওয়া যায়। এছাড়া ওই পাতিলে আর কিছুই ছিল না। কবিরাজ প্রতারণা করে আমার কাছ থেকে ৭০ হাজার টাকা নিয়ে গেছে।’  

আমতলী থানার এসআই সিদ্দিকুর রহমান বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে যাই।  কিন্তু সেখানে কবিরাজকে পাওয়া যায়নি। তাকে খোঁজা হচ্ছে।’