ইউরোপের দল খেলে দেখুক কোপা কেমন : স্কালোনি

ফুটবলে মহাদেশীয় শ্রেষ্ঠত্বের বড় দুই টুর্নামেন্ট ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ ও কোপা আমেরিকা। কোপা আমেরিকা ও ইউরো দুটি টুর্নামেন্টই এসে ঠেকেছে সেমিফাইনাল পর্বে। এই দুই টুর্নামেন্ট নিয়ে অনেকেই করেন তুলনা।

ইউরো শুরুর আগে ফ্রান্স অধিনায়ক কিলিয়ান এমবাপ্পে বলেছিলেন, এই (ইউরো) টুর্নামেন্ট জেতাই সবচেয়ে কঠিন। বিপরীতে লিওনেল মেসি বলেন, একাধিকবার বিশ্বকাপ জেতা লাতিন আমেরিকান দলগুলো না খেলায় ইউরোকে কঠিন বলা যুক্তিসঙ্গত নয়। এমবাপ্পে কাতার বিশ্বকাপের আগে বলেছিলেন, ইউরোপের চেয়ে কনমেবল অঞ্চলের ফুটবলের মান কম।

কাডানার বিপক্ষে সেমিফাইনালের নামার আগে সংবাদ সম্মেলনে স্কালোনিও কথা বললেন ইউরো ও কোপা নিয়ে। তবে তিনি তুলনা করতে নারাজ।

সংবাদ সম্মেলনে স্কালোনি বলেছেন, আমি মনে করি না কোনো প্রতিযোগিতা থেকে কোনো প্রতিযোগিতা বেশি কঠিন। যারা ইউরোর সেমি-ফাইনালে উঠেছে, তাদের অনেককে আমরা বিশ্বকাপে মোকাবিলা করেছি এবং আমাদের পক্ষে সেটি ভালো ছিল। তার মানে এই না যে, ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ গিয়ে জিতে যাব।'

ইউরোতে আর্জেন্টিনা খেলতে পারবে না। তবে কোপা আমেরিকাতে প্রায়ই দেখা যায় অতিথি দল হিসাবে অন্য অঞ্চলের দলকে খেলতে। এবারের টুর্নামেন্টেই যেমন কনমেবলের বাইরের ৬ টি দেশ খেলছে।

স্কালোনি বলেন, 'অথবা হ্যাঁ (আমরা হয়তো জিততে পারতাম)। আমার মতে, (দুই টুর্নামেন্টের) মান খুবই কাছাকাছি। কোপা আমেরিকায় খেলাটা কেমন তা দেখানোর জন্য ইউরোপিয়ান দলগুলোকে কোপায় আমন্ত্রণ জানানো হলে খুশি হতাম এবং উল্টোটা হলেও (কোপার দলগুলোকে ইউরোতে আমন্ত্রণ)।'

এরপরই স্কালোনি যোগ করেন, 'কিন্তু সেটা তো বিশ্বকাপ হয়ে যাবে, তাই না? তো দিন শেষে চ্যালেঞ্জটা একই। আমার মনে হয় না, সত‍্যিই খুব বেশি পার্থক্য আছে। তবে এগুলো স্রেফ মতামতই।'