ডিইপিজেডে ফাইল আটকে ঘুষ আদায়ের অভিযোগ বিক্ষোভ

ফাইলপ্রতি ন্যূনতম ৩০০ টাকা ঘুষ আদায়সহ অনৈতিকভাবে অর্থ আদায়ের অভিযোগ তুলে সাভারে ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল বিভাগের কাস্টমস বন্ড কমিশনারেটের সহকারী কমিশনার নূরুন নাহার সিদ্দিকার পদত্যাগের দাবিতে বিক্ষোভ ও কর্মবিরতি পালন করেছেন ভুক্তভোগী ব্যবসায়ীরা। এ সময় বহিরাগতদের দিয়ে অফিস কার্যক্রম পরিচালনার অভিযোগও করেন তারা। গতকাল মঙ্গলবার সকাল থেকে বিকেল পর্যন্ত ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের কাস্টমস বন্ড কমিশনারেট কার্যালয়ের সামনে এ বিক্ষোভ করেন গার্মেন্টস এক্সেসরিজ ও স্টেশনারি ব্যবসায়ীরা।

ব্যবসায়ীদের অভিযোগ, আগে যেখানে এক থেকে দুই দিনে ফাইল প্রস্তুত হতো, এখন সেখানে ঘুষ দিয়েও প্রায় ১৫ দিন সময় লেগে যাচ্ছে। আগে কর্মকর্তারা সরাসরি ঘুষ নিতেন কাজও সরাসরি হয়ে যেত। কিন্তু এখন প্রতিটি ফাইলের জন্য অগ্রিম ঘুষ দিতে হয়। অগ্রিম টাকা দিয়েও প্রায় ১৫-২০ দিন ফাইল আটকে থাকে।

এদিকে বিক্ষোভ মিছিল ও কর্মবিরতির কারণে ডিইপিজেডে পোশাকবাহী গাড়ি চলাচল বন্ধ হয়ে যায় এবং চরম ভোগান্তির সৃষ্টি হয়। এ সময় ভুক্তভোগী ব্যবসায়ীরা কাস্টমস বন্ড কমিশনারেটের সহকারী কমিশনার নূরুন নাহার সিদ্দিকা পদত্যাগ না করা পর্যন্ত তাদের এ আন্দোলন চালিয়ে যাওয়ার কথা জানান।