বিয়ের দাবিতে নেতার বাড়িতে কলেজছাত্রী

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় বিয়ের দাবিতে ছাত্রদল নেতা রিয়াদুল হকের বাড়িতে অনশনে বসেছে এক কলেজছাত্রী। মঙ্গলবার (৯ জুলাই) সন্ধ্যা থেকে ছাত্রদল নেতা রিয়াদুল হকের বাড়িতে অনশনে বসেন ওই ছাত্রী। 

রিয়াদুল হক বকশীগঞ্জ পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক ও পৌর শহরের মিয়াপাড়া এলাকার বিল্লাল হোসেনের ছেলে। 

জানা যায়, উপজেলার বগারচর ইউনিয়নে ওই ছাত্রীর বাড়ি। মঈন মহিলা ডিগ্রী কলেজের শিক্ষার্থী তিনি। তিনি ডিগ্রী দ্বিতীয় বর্ষের ছাত্রী। তার সঙ্গে ছাত্রদল নেতা রিয়াদুল হকের দুই বছর ধরে প্রেমের সম্পর্ক চলে আসছে। প্রেম চলাকালীন সময়ে রিয়াদুল হক ওই কলেজ ছাত্রীকে বিভিন্ন জায়গায় নিয়ে যায় এবং তাদের মধ্যে অনৈতিক সম্পর্ক গড়ে ওঠে। 

মঙ্গলবার রিয়াদুল হক ওই ছাত্রীকে বিয়ে করবে এমন প্রলোভন দেখায় এবং তার বাড়িতে আসতে বলেন। রিয়াদুলের কথা মতো প্রেমিকা সন্ধ্যায় তার বাড়িতে গেলে তাকে রেখেই চম্পট দেয় রিয়াদুল। পরে ওই কলেজছাত্রী বারবার রিয়াদুলের ফোনে যোগাযোগের চেষ্টা করলে তার ফোন বন্ধ পান। এক পর্যায়ে রিয়াদুলের বাড়িতেই বিয়ের দাবিতে অনশনে বসেন প্রেমিকা।

এ ব্যাপারে অনশনে বসা কলেজছাত্রী জানান, তাকে বিয়ে করবে বলে নিয়ে এসেছেন রিয়াদুল হক। তাই তিনি রিয়াদুলের বাড়িতে এসেছেন কিন্তু তাকে রেখেই পালিয়েছে রিয়াদুল হক।

অভিযুক্ত রিয়াদুল হকের বাবা বিল্লাল হোসেনের সঙ্গে মোবাইলে একাধিকবার ফোন করলে মোবাইল বন্ধ পাওয়া যায়। 

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল আহাদ খান বলেন, ‘মঙ্গলবার সন্ধ্যা থেকে মেয়েটি অনশনে বসেছে। এ বিষয়ে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’