সরকারি চাকরিতে কোটা পদ্ধতির যৌক্তিক সংস্কার চেয়ে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক অবরোধ করে এবার শাহবাগ মোড়ে ফিরে আসছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। আজ বুধবার বিকেল সাড়ে ৪টা থেকে ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’ ব্যানারে সর্বাত্মক ব্লকেড কর্মসূচিতে অন্যান্য স্পট ছেড়ে শাহবাগে এসে জড়ো হন শিক্ষার্থীরা।
বুধবার সন্ধ্যা ৭টায় এখান থেকে পরবর্তী কর্মসূচি ঘোষণা হবে বলে জানিয়েছেন সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। তাই বিকেল থেকে বাংলামোটর, কারওয়ান বাজার, সায়েন্স ল্যাব, মৎস ভবন, নীলক্ষেত, চানখারপুলসহ অন্যান্য স্পট ছেড়ে শিক্ষার্থীরা শাহবাগে আসা শুরু করেন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সহসমন্বয়ক আব্দুল্লাহ সালেহীন অয়ন বলেন, শাহবাগ থেকে যারা দূরে আছেন, তারা আগে আসবেন। পরে কাছাকাছি যারা আছেন তারা আসবেন। পরে আন্দোলনের সমন্বয়কেরা কর্মসূচি ঘোষণা করবেন।
এ সময় শিক্ষার্থীরা ‘আপস না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম’, ‘আঠারোর হাতিয়ার, গর্জে ওঠো আরেকবার’, ‘কোটা না মেধা, মেধা মেধা’, ‘আমার সোনার বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই’,‘সংবিধানের মূল কথা, সবার জন্য সমতা’, ‘বঙ্গবন্ধুর বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই’, ‘সারা বাংলায় খবর দে, কোটা প্রথার কবর দে’ ইত্যাদি বিভিন্ন স্লোগান দিতে থাকেন।
এর আগে প্রথম ও দ্বিতীয় শ্রেণির সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা বাতিল করে জারি করা পরিপত্র অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায়ের ওপর স্থিতাবস্থা জারি করেন আপিল বিভাগ। বুধবার সকালে প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন পাঁচ সদস্যের আপিল বিভাগ এ আদেশ দেন।
আদালতে রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল এএম আমিন উদ্দিন, দুই শিক্ষার্থীর পক্ষে সিনিয়র আইনজীবী শাহ মঞ্জুরুল হক ও রিট আবেদনকারীদের পক্ষে সিনিয়র আইনজীবী মনসুরুল হক চৌধুরী শুনানি করেন। এ ছাড়া শিক্ষাপ্রতিষ্ঠান কর্তৃপক্ষকে শিক্ষার্থীদের আন্দোলন থেকে ক্লাসে ফিরিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান।
তাহসানকে নিয়ে যা বললেন প্রিন্স মাহমুদ
মাধবপুরে চাঁদাবাজি মামলায় দুই ইউপি সদস্যসহ গ্রেপ্তার ৩