লক্ষ্মীপুরের কমলনগরের চরকাদিরা ইউনিয়নে উপনির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হয়ে ভোটের মাঠে রয়েছেন দুই ভাই মো. নুরুল্লাহ ও মো. ফাইজুল্লাহ। তারা বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. খালেদ সাইফুল্লাহর দুই ছেলে।
স্থানীয়রা জানান, তাদের বাবা খালেদ সাইফুল্লাহ চরকাদিরা ইউনিয়ন পরিষদের দুইবারের চেয়ারম্যানের দায়িত্বে ছিলেন। উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হতে দায়িত্ব থেকে অব্যাহতি দেন। এ সময় প্যানেল চেয়ারম্যানের দায়িত্ব পান ছেলে মো. নুরুল্লাহ। এবার তিনি প্যানেল চেয়ারম্যান পদ থেকে অব্যাহতি দিয়ে চেয়ারম্যান প্রার্থী হয়েছেন। ভোটের মাঠে আরও রয়েছেন তারই আপন ভাই মো. ফাইজুল্লাহ।
স্থানীয়রা আরও জানান, ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির দায়িত্বে রয়েছেন মো. খালেদ সাইফুল্লাহ। তাছাড়া মো. নুরুল্লাহ এবং মো. ফাইজুল্লাহও এ দলের গুরুত্বপূর্ণ পদে রয়েছেন।
প্রার্থী মো. নুরুল্লাহ জানান, তার ভাই মো. ফাইজুল্লাহ নির্বাচনের মাঠে থাকলেও মূলত ডামি প্রার্থী হিসেবে তার পক্ষে ভোট করছেন। তার বিরুদ্ধে মামলা রয়েছে। এ কারণে তার ভাইকে ডামি প্রার্থী হিসেবে দাঁড় করানোর সিদ্ধান্ত নেন।
চরকাদিরায় অন্য প্রার্থীরা হলেন মো. ইব্রাহীম বাবুল মোল্লা, মো. বাহার মোল্লা, সাবেক চেয়ারম্যান আশ্রাফ উদ্দিন রাজন, মো. খবিরুল হক, জয়দেব মজুমদার ও আবদুর রহিম।
উপজেলা রিটার্নিং কর্মকর্তা জায়েদুল হোসেন চৌধুরী জানান, আগামী ২৭ জুলাই চরকাদিরা ইউনিয়নে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। এখানে ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ করা হবে।