গোপালগঞ্জের কোটালীপাড়ায় সাবেক আইজিপি বেনজীর আহমেদের স্ত্রী জিসান মির্জা ও মেয়ে ফারহিন রিসতা বিনতে বেনজীরের মাছের ঘের থেকে মাছ চুরির ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শুক্রবার মাছ চুরি মামলায় গ্রেপ্তার দেখিয়ে ওই তিনজনকে হাজতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন, ডহরপাড়া গ্রামের কুঞ্জ সমদ্দারের ছেলে কিশোর সমদ্দার (২০), ফায়েক শেখের ছেলে আলামিন শেখ (২৮) ও পশ্চিমপাড়া গ্রামের তৈয়াবুর রহমানের ছেলে মনির হোসেন (৫০)।
গত বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার কান্দি ইউনিয়নের গজালিয়া মৌজার মাচারতারা বিলে মাছ চুরির সময় তাদের গ্রেপ্তার করা হয়।
উপজেলার সিনিয়র মৎস্য অফিসার এসএম শাহজাহান সিরাজ বলেন, গত ২৩ মে আদালত সাবেক আইজিপি ও তার পরিবারের সদস্যদের সম্পত্তি ক্রোক করে রিসিভার নিয়োগ দেন। সে অনুযায়ী মাচারতারা বিলের ঘেরটি মৎস্য অধিদপ্তরকে রিসিভার নিয়োগ দিয়েছে। তাই ওই ঘের থেকে মাছ ধরার কথা জানতে পেরে জেলা কর্মকর্তাকে জানাই। তিনি মাছ ধরা ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিলে আমি ঘটনাস্থলে গিয়ে পুলিশের সহযোগিতায় তাদের আটক করি। এ সময় ১৭ কেজি মাছ ও একটি জাল জব্দ করা হয়।
তিনি আরও বলেন, এ ঘটনায় আমার দপ্তরের অফিস সহায়ক বাদী হয়ে কোটালীপাড়া থানায় একটি মামলা দায়ের করে।
কোটালীপাড়া থানার এসআই মামুনুর রশিদ বলেন, আটককৃতদের জেল হাজতে পাঠানো হয়েছে।