জিআই (ভৌগোলিক নির্দেশক) পণ্যের স্বীকৃতি পেয়েছে গোপালগঞ্জের ঐতিহ্যবাহী ব্রোঞ্জের গয়না। এটি জেলার দ্বিতীয় পণ্য হিসেবে জিআই স্বীকৃতি অর্জন করেছে। গত বৃহস্পতিবার জিআই পণ্য হিসেবে গোপালগঞ্জের ব্রোঞ্জের গয়না নিবন্ধনের জন্য ভৌগোলিক নির্দেশক পণ্য (নিবন্ধন ও সুরক্ষা) আইন, ২০১৩-এর ধারা ১২ অনুসারে শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন পেটেন্ট, শিল্প-নকশা ও ট্রেড মার্কস অধিদপ্তরের জার্নালে প্রকাশ করা হয়। গোপালগঞ্জের জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম এ তথ্য জানিয়েছেন।
এ বছরের ১২ মার্চ জলিরপাড়ের ব্রোঞ্জের গয়নার জিআই পণ্যের স্বীকৃতি চেয়ে জেলা প্রশাসনের পক্ষ থেকে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তরগুলোতে আবেদন করা হয়। এর আগে গোপালগঞ্জের রসগোল্লা জেলার প্রথম পণ্য হিসেবে জিআই স্বীকৃতি লাভ করেছিল। ব্রোঞ্জ গয়না প্রস্তুতকারক জলিরপাড় গ্রামের জগদীশ শীল বলেন, ‘ব্রোঞ্জের গয়না তৈরির তামা, দস্তা ও পিতলের দাম বেড়েছে। সহজপ্রাপ্যতাও কমেছে। ভারতসহ অন্যান্য দেশের ব্রোঞ্জ গয়নার রঙ খুব চকচকে। আমাদের গয়নার রঙ তাদের সঙ্গে প্রতিযোগিতায় টিকতে পারছে না। সুদৃশ্য, মনোহর ও শোখিন দামি গয়নার বাজার ভারত ও চীনের দখলে চলে গেছে। তাই কানের দুল, হাতের বয়লাসহ যেসব গয়নার চাহিদা রয়েছেÑ এমন সব গয়না আমরা তৈরি করি। সরকার এ শিল্পকে আধুনিকায়ন, প্রশিক্ষণের ব্যবস্থা ও সব ধরনের সহযোগিতা করলে আমরা ব্রোঞ্জ গয়নার শত বছরের ঐতিহ্য ধরে রাখতে পারব।’
ই-কমার্স ডেভলপমেন্ট সেন্টারের সভাপতি কাকলী তালুকদার বলেন, ‘এই পণ্যটি জিআই স্বীকৃতি পাওয়ায় এক দিকে যেমন বিলুপ্ত প্রায় কুটির শিল্পটি আবার চাঙা হয়ে উঠবে, অন্যদিকে ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটবে।’