অস্ট্রেলিয়ার সফরের জন্য বাংলাদেশ হাই পারফরম্যানস দল নামে তিন ফরম্যাটের স্কোয়াড ঘোষিত হয়েছিল আগেই। আজ রাতে সেই দল উড়াল দিচ্ছে অস্ট্রেলিয়ার উদ্দেশে। সফরে দলের সঙ্গে যাচ্ছেন নির্বাচক হান্নান সরকার। দেশ ছাড়ার আগে আজ গণমাধ্যমের সঙ্গে তিনি কথা বলেছেন মিরপুরে।
সাধারণত অনূধ্র্ব-১৯ থেকে আসা উঠতিদের নিয়ে এইচপি টিম গড়া হলেও এতে জায়গা দেওয়া হয়েছে সাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয়, আফিফ হোসেন, আবু হায়দার রনিদের মতো সিনিয়র খেলোয়াড়দের। এ প্রসঙ্গে হান্নান বলেন, ‘এভাবে বললে আসলে অনেক কিছুই চিন্তা করা যেত। আমরা যখন তিন সিলেক্টর সিলেকশনে বসেছিলাম এটা নিয়ে বিস্তারিত আলাপ করি, তারপর সিলেকশনটা আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা দেখছেন কতদিন গ্যাপে সাদমান খেলেছে।'
যোগ করেন, 'পাশাপাশি কন্ডিশনের সুযোগটা আমরা নেওয়ার চেষ্টা করেছি। আফিফও নিকট অতীতে আন্তর্জাতিক ম্যাচ থেকে দূরে রয়েছে। বিশ্বকাপের দলের সঙ্গে গিয়েছিল কিন্তু ম্যাচ খেলার সুযোগ পায়নি।'
২০০৮ সালের পর অস্ট্রেলিয়ায় সিরিজ খেলতে যাচ্ছে বাংলাদেশের যে কোনো পর্যায়ের দল। যা নিয়ে হান্নান জানান, ‘এটা তো আমরা সবাই বিশ্বাস করি যে অস্ট্রেলিয়া নামটা শুনলেই মনে হয় চ্যাম্পিয়ন। সে জায়গা থেকে এই ধরনের দলের প্লেয়ারের সাথে খেলা পাশাপাশি ওই কন্ডিশনে খেলা এটা ভালো একটা অভিজ্ঞতা যেটা আমাদের খেলোয়াড়রা নিতে যাচ্ছে। একটা লম্বা সময়ের অপেক্ষার পরে। ২০০৮ এ বাংলাদেশ দল শেষবার গিয়েছিল। আমি আশা করছি এবারের অভিজ্ঞতা তাদের ভবিষ্যতের জন্য কাজে লাগবে।'