ফ্রিজ খুলতে গিয়ে প্রাণ হারাল জোবায়ের 

চট্টগ্রামের হাটহাজারীতে ঘরের ফ্রিজ খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আজিম উদ্দিন জোবায়ের (১২) নামে ৫ম শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শনিবার (১৩ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার ১ নং ফরহাদাবাদ ইউনিয়নের ১নং ওয়ার্ডের মাহামুদাবাদ গ্রামের খোশাল চৌধুরীর বাড়িতে এই ঘটনা ঘটে। 

নিহত শিক্ষার্থী ওই বাড়ির আবু জাফরের ছেলে। তার (জাফরের) দুই ছেলের মধ্যে নিহত জোবায়ের বড় ছেলে। 

জানা যায়, শনিবার বেলা সাড়ে এগারটার দিকে আজিম উদ্দিন জোবায়ের তাদের ঘরের ফ্রিজ খুলতে গিয়ে আগে থেকে বিদ্যুতায়িত হয়ে থাকা ফ্রিজ স্পর্শ করা মাত্র বিদ্যুৎস্পৃষ্ট গুরুতর আহত হয়। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের নিকট নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত জোবায়ের মাহামুদাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির শিক্ষার্থী।

১ নং ফরহাদাবাদ ইউনিযনের ১ নং ওয়ার্ডের  ইউপি সদস্য মো. সফিউল আজম ঘটনার সত্যতা গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহত জোবায়ের মাহামুদাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির শিক্ষার্থী বলেও জানান।