মাদারীপুরে গভীর নলকূপের পাইপে গ্যাসের সন্ধান পাওয়া গেছে। ওই পাইপে দেশলাই কাঠি দিয়ে আগুন ধরিয়ে দিলেই জ্বলে উঠছে। সদর উপজেলার পাঁচখোলা ইউনিয়নের উত্তর মহিষেরচর এলাকায় বীরমুক্তিযোদ্ধা জাহাঙ্গীর হোসেন বাবলুর বাড়িতে এ ঘটনা ঘটে।
সরেজমিনে গিয়ে জানা যায়, নলকূপ বসানোর সময় ৩০০ ফুট গভীরে পাইপ যাওয়ার পরেই গ্যাস বের হয়। পরে পাইপের মাথায় দেশলাই দিয়ে আগুন দিয়ে ধরিয়ে দিতেই তা জ্বলতে থাকে। এখনো সেখানে গ্যাসের চাপ দেখা যাচ্ছে।
স্থানীয় মো. রুবেল বলেন, দুর্ঘটনার ভয়ে বালু দিয়ে গ্যাসের মুখ বন্ধ করে দেওয়া হয়। কিন্তু গতকাল শনিবার সকাল থেকে বালুভেদ করে গ্যাস বের হয়। এ ঘটনার পর মালিকপক্ষ সিদ্ধান্ত নিয়েছে, অন্য জায়গায় গভীর নলকূপটি স্থাপন করবেন।
স্থানীয় মো. সাইদুল বলেন, ‘এখানে প্রাকৃতিক গ্যাস পাওয়া যাবে কি না, তা পরীক্ষা-নিরীক্ষা করার জন্য আমরা সরকারের কাছে অনুরোধ করব।’
মাদারীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আল মামুন বলেন, ‘ঘটনাটি আমরা কেবল জেনেছি। বিষয়টি দ্রুত খোঁজ নিয়ে দেখব।’