কুষ্টিয়ার দৌলতপুরে সেপটিক ট্যাংকে কাজ করতে নেমে দুজন শ্রমিকের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার সকাল ৮টার দিকে উপজেলার মথুরাপুর ইউনিয়নের বাগোয়ান মধ্যপাড়া গ্রামের মোশারফ হোসেনের বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন লিটন বিশ্বাস (৩০) ও রাজন হোসেন (২৮)। এ ঘটনায় গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন মৃত রাজনের ছোট ভাই মিজান হোসেন (১৮)।
ঘটনার সত্যতা নিশ্চিত করে দৌলতপুর থানার পরিদর্শক মাহাবুবুর রহমান বলেন, ‘সেপটিক ট্যাংকে কাজে নেমে বিষক্রিয়ায় দুজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় অন্য এক যুবক অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন। সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে তাদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।’