ইউরোর ‘জঘন্য’ পারফর্মারদের একাদশে রোনালদো

বড় কোনো টুর্নামেন্ট হলে সেরা পারফর্মারদের নিয়ে ‘সেরা একাদশ’ তৈরি করে থাকে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান। ঠিক তেমনই তৈরি করা হয় বাজে পারফর্মারদের একাদশ। চলতি ইউরোর শিরোপা নির্ধারণ বাকি থাকলেও ইতোমধ্যে বাজে পারফর্মারদের একাদশ তৈরি করেছে ‘মার্কা’, যাতে স্থান পেয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো!

পাঁচবারের ব্যালন ডি’অরজয়ী রোনালদো এবারের ইউরোতে একটাও গোল করতে পারেননি। একটিমাত্র অ্যাসিস্ট করেছিলেন। কিন্তু তার পারফরমেন্স নিয়ে ব্যাপক সমালোচনা হয়েছে। দল বিদায় নিয়েছে কোয়ার্টার ফাইনাল থেকে। শেষ ষোলোতে স্লোভেনিয়ার বিপক্ষে পেনাল্টি মিস করায় বিবিসিবির ম্যাচ সম্প্রচারে রোনালদোর নাম ‘মিস্টিয়ানো পেনালদো’ লিখে দেওয়া হয়েছিল! তারপর রোনালদো ঘোষণা করেন, এটাই তার শেষ ইউরো।

ক্যারিয়ারের শেষপ্রান্তে দাঁড়ানো ৩৯ বছর বয়সী রোনালদো এখনো আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেননি। তবে পর্তুগাল দলে তাকে রাখা উচিত হবে কিনা- তা নিয়ে আলোচনা চলছে ফুটবল দুনিয়ায়। ইউরোতে সর্বোচ্চ ১৪ গোলের মালিক ক্লাব এবং দেশের জন্য একটি কঠিন মৌসুম কাটিয়ে এখন ছুটি উপভোগ করছেন। ছুটি শেষে তিনি তার ক্লাব আল নাসরে যোগ দিয়ে সৌদি প্রো লিগের শিরোপা জয়ের মিশনে নামবেন।

ইউরোর জঘন্য একাদশ: লিভাকোভিচ (ক্রোয়েশিয়া), ডি লরেন্জো (ইতালি), মানচিনি (ইতালি), ক্রিস্টেনসন (ডেনমার্ক), জিনচেঙ্কো (ইউক্রেন), ম্যাকগিন (স্কটল্যান্ড), মিলিনকোভিচ-সাভিচ (সার্বিয়া), সোবোসজলাই (হাঙ্গেরি); ভ্লাহোভিচ (সার্বিয়া), লুকাকু (বেলজিয়াম), রোনালদো (পর্তুগাল)।