কোপা আমেরিকার শিরোপা লড়াইয়ে নেস্তর লরেনজোর কলম্বিয়ার মুখোমুখি হতে যাচ্ছে লিওনেল স্কালোনির আর্জেন্টিনা। বাংলাদেশ সময় সোমবার ভোর ৬টায় অনুষ্ঠিতব্য ম্যাচটিতে আর্জেন্টিনার ‘ঘরের শত্রু বিভীষণ’ হয়ে দেখা দিয়েছেন লরেনজো। যিনি একটা সময় আর্জেন্টিনার কোচিং স্টাফেও ছিলেন। তার অধীনে একসঙ্গে খেলেছেন লিওনেল মেসি আর স্কালোনি!
বুয়েন্স আইয়ার্সে জন্ম নেওয়া সাবেক এই ডিফেন্ডার ২০০৪ সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত আর্জেন্টিনার সহকারী কোচ ছিলেন। মেসি আর স্কালোনি একসঙ্গে তখন জাতীয় দলে খেলতেন। ওই সময় মেসিদের প্রধান কোচ ছিলেন পোকারম্যান। তার থেকেই কোচিং শিখে বাকিটা সময় ছাত্রদের দিয়ে চমক দেখাচ্ছেন এই আর্জেন্টাইন কোচ। ২০২৩ সালে তাকে কোচ হিসেবে নিয়োগ দেয় কলম্বিয়া। সেইসময় লরেনজোকে নিয়ে বেশ সমালোচনা হলেও কলম্বিয়ার ফুটবলটাই বদলে দেন তিনি।
লরেনজোর বড় কৃতিত্ব হারিয়ে যাওয়া হামেস রদ্রিগেজকে ফিরিয়ে আনা। রদ্রিগেজকে ফিরিয়েই তিনি ৪-৩-৩ ফরমেশনকে কার্যকরভাবে ৪-৩-১-২-এ বদলে দিতে পেরেছিলেন। এই কৌশলই ২৩ বছর পর তার দলকে আরেকটি কোপা শিরোপার কাছাকাছি নিয়ে গেছে। কোপার ফাইনালের আগে টানা ২৮ ম্যাচ অপরাজিত আছে কলম্বিয়া। খেলোয়াড়দের নিবেদন নিয়ে লরেনজো বলেছিলেন, “এমন একটি দল তৈরি করা সহজ নয়। এই দলের কেউ কেউ ক্লাবের চেয়ে জাতীয় দলে বেশি ভালো খেলে।”
অন্যদিকে ‘গুরু’র অধীনস্ত দলকে নিঃসন্দেহে কোনো ছাড় দেবেন না মেসি আর স্কালোনি। আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী কোচ স্কালোনির বুদ্ধিমত্তা আর কোচিং জগতের কৌশলগুলো গত কাতার বিশ্বকাপেই দেখেছিলেন দর্শকরা। প্রথম ম্যাচে সৌদি আরবের কাছে হারার পর কীভাবে ঠান্ডা মাথায় আর্জেন্টিনাকে তিনি শিরোপা এনে দিয়েছিলেন। এবারের কোপা আমেরিকায়ও তিনি মাস্টারক্লাস একজন শিক্ষক। আর তার সেরা ছাত্র লিওনেল মেসি।
কোপার ফাইনাল তাই হতে যাচ্ছে গুরু-শিষ্যদের লড়াই। মেসি-স্কালোনির গুরু যেমন লরেনজো, তেমনই আবার মেসির সাবেক সতীর্থ তথা গুরু হলেন স্কালোনি! গুরু-শিষ্যের এই জটিল সমীকরণে শেষ পর্যন্ত কাদের জয় হয়- সেটাই এখন দেখার।
ডি মারিয়াকে বেশি গোল করতে নিষেধ করতেন কোচ!
কোপায় তৃতীয় উরুগুয়ে; নায়ক সুয়ারেজ
এটাই কি শেষ ফাইনাল? মুখ খুললেন মেসি