আবহাওয়া অফিসের দেওয়া ২৪ ঘণ্টার পূর্বাভাসে পঞ্চগড় জেলায় দেখা দিয়েছে মুষলধারে বৃষ্টিপাত। এতে করে সকাল সকাল কাজের উদ্দেশ্যে বের হওয়া দিনমজুর ও শ্রমজীবী মানুষদের দুর্ভোগে পড়তে দেখা গেছে। ভারী বৃষ্টির কারণে শহরের পৌর এলাকার বিভিন্ন রাস্তাঘাত ও এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে।
সরেজমিন রবিবার (১৪ জুলাই) সকাল থেকে শহরে ডোকরেপাড়া, সরকারি এমআর কলেজ রোড, কামাতপাড়া, পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মূল ফটকসহ বিভিন্ন নিচু স্থান এলাকায় জলাবদ্ধতাসহ মানুষের দুর্ভোগ দেখা গেছে। একই সাথে বৃষ্টির কারণে সঠিক সময়ে কাজে যেতে না পারায় অনেক দিনমজুর মানুষকে শহরের বিভিন্নস্থানে আটকে থাকতে দেখা গেছে। তবে বেলা বাড়ার সাথে সাথে বৃষ্টিপাতের পরিমাণ কমতে থাকে। রোদের দেখা মেলে।
স্থানীয়দের অভিযোগ, অপরিকল্পিত ঘরবাড়ি নির্মাণ, ড্রেন দখল ও সঠিক ড্রেনেজ ব্যবস্থা ঠিক না থাকায় পানি নিষ্কাশন হচ্ছে না।
ডোকরেপাড়া এলাকার ইমান আলী ও কামাতপাড়া এলাকার কামরুজ্জামান বলেন, একটু বৃষ্টি নামলেই চারদিকে পানি আটকে। পানি যাওয়ার জন্য ড্রেন থাকলেও ঠিকমতো পানি যাচ্ছে না। পৌর কর্তৃপক্ষ যদি সঠিক ড্রেনেজ ব্যবস্থা করে তাহলে সহজেই পানি যাবে। এতে আমাদের দুর্ভোগ আর পোহাতে হবে না।
এদিকে জলাবদ্ধতার বিষয়ে পঞ্চগড় পৌরমেয়র জাকিয়া খাতুন বলেন, মূলত যে এলাকাগুলো নিচু স্থানে রয়েছে সেখানেই এই জলাবদ্ধতা দেখা দিচ্ছে। এই জলাবদ্ধতা নিরসনে খোঁজখবর নিয়ে আমরা কাজ করে যাচ্ছি। ইতিমধ্যে অনেক স্থানে জলাবদ্ধতা নিরসনে ড্রেনের কাজ করা হয়েছে।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের পর্যবেক্ষক রোকনুজ্জাামান রোকন বলেন, গত ২৪ ঘণ্টায় রবিবার সকাল ৬টা পর্যন্ত জেলায় ৪৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এদিন সকালে জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৬ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। বেলা বাড়ার সাথে সাথে বৃষ্টিপাত যেমন কমকে তেমনি তাপমাত্রা বাড়বে বলেও জানান তিনি।