সিংড়ায় বৃক্ষরোপণ উৎসব, ১ লাখ চারা বিতরণ 

নাটোরের সিংড়ায় বৃক্ষরোপণ উৎসবের মধ্য দিয়ে ৪০০ প্রতিষ্ঠান ও সংগঠনের মাঝে বিনামূল্যে ১ লাখ গাছের চারা বিতরণ করা হয়েছে। ‘সবুজ শ্যামল সিংড়া, গড়ে তুলবো আমরা’ এই স্লোগানে গাছের চারগুলো বিতরণ করেছে সামাজিক সংগঠন আলোকিত সমাজ।

সোমবার (১৫ জুলাই) বেলা ১১টায় উপজেলা খাদ্য গোডাউন চত্বরে আয়োজিত চলনবিল বৃক্ষরোপণ উৎসব-২০২৪ এ এসব চারা গাছ বিতরণ করা হয়। তথ্য প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের পৃষ্ঠপোষকতায় গাছের চারা বিতরণের উদ্বোধন করেন পলকপত্নী, সিংড়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও আলোকিত সমাজের সভাপতি আরিফা জেসমিন কনিকা। 

গাছের চারা বিতরণ করেন তথ্য প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের স্ত্রী ও আলোকিত সমাজের সভাপতি আরিফা জেসমিন কনিকা | ছবি: সংগৃহীত

বিতরণ করা চারাগাছের মধ্যে রয়েছে জলপাই, আমলকি, তেঁতুল, বহেরা, নিম, কৃষ্ণচূড়া, জারুল, বাতাবি লেবু, কড়ইসহ বিভিন্ন ফলজ, বনজ ও ঔষধি গাছ।

এসময় উপস্থিত ছিলেন—উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল আমিন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক আনিছুর রহমান লিখন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও আলোকিত সমাজের কোষাধ্যক্ষ নাজমুল হক বকুল প্রমুখ।