চেষ্টা করছি সবকিছু আমাদের নিয়ন্ত্রণে নেই : ঢাবি ভিসি

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে গতকাল সোমবার দিনভর সহিংসতা প্রসঙ্গে বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক ড. মাকসুদ কামাল বলেছেন, সবকিছু তাদের নিয়ন্ত্রণে নেই। তিনি দেশ রূপান্তরকে বলেন, ‘ক্যাম্পাসের শান্তি-শৃঙ্খলা রক্ষা করতে আমরা সব ব্যবস্থাই রাখছি। শিক্ষার্থীরা যাতে হানাহানিতে জড়িয়ে না পড়ে, সে জন্য আমাদের সর্বোচ্চ প্রস্তুতি আছে। সবকিছু আমাদের নিয়ন্ত্রণে নেই। তবুও আমরা আমাদের আপ্রাণ প্রচেষ্টা চালাচ্ছি।’

প্রভোস্ট কমিটির জরুরি বৈঠক ডাকা হয়েছে জানিয়ে উপাচার্য বলেন, ‘সব প্রভোস্ট এবং আবাসিক শিক্ষকদের হলে অবস্থান করতে বলা হয়েছে। শিক্ষার্থীরা যাতে কোনো ধরনের হুমকির মুখোমুখি না হয়, কোনো ধরনের নাশকতার ঘটনা না ঘটে এবং কারও ওপর যাতে হামলার ঘটনা না ঘটে, তার জন্য সব ধরনের নির্দেশনা রয়েছে।’

বহিরাগতদের ক্যাম্পাসে প্রবেশের বিষয়ে মাকসুদ কামাল বলেন, ‘আমরা বলে দিয়েছি, কোনো বহিরাগত যাতে ক্যাম্পাসে এবং হলে প্রবেশ না করে। কেউ যদি প্রবেশ করে তাহলে আমরা আইনানুগ ব্যবস্থা নেব। সেটাও আমরা প্রভোস্ট কমিটির সভায় বলে দিয়েছি।’

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মাকসুদুর রহমান বলেন, ‘আমাদের হাতে সবকিছু নেই। আমরা চাইলেও সবকিছু করা সম্ভব না। তারপরও আমরা চেষ্টা করেছি শিক্ষার্থীদের নিরাপদে পৌঁছে দিতে। তাদের নিরাপত্তার জন্য সন্ধ্যায় পুলিশ মোতায়েন করা হয়েছে। তাদের নিরাপত্তার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করছি।’

ঢাবি প্রভোস্ট কমিটির জরুরি সভা : উদ্ভূত পরিস্থিতিতে গতকাল বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রভোস্ট কমিটির জরুরি সভা উপাচার্য অধ্যাপক ড. এএসএম মাকসুদ কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. সীতেশ চন্দ্র বাছার, কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ এবং বিভিন্ন হল/হোস্টেলের প্রাধ্যক্ষ/ওয়ার্ডেনরা উপস্থিত ছিলেন।

সভায় সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করে বিশ্ববিদ্যালয়ের শান্তিপূর্ণ শিক্ষার পরিবেশ বজায় রাখার জন্য কয়েকটি সিদ্ধান্ত গৃহীত হয়। যার মধ্যে রয়েছে : শিক্ষার্থীরা নিজ নিজ হলে শান্তিপূর্ণভাবে অবস্থান করবেন; প্রাধ্যক্ষ ও আবাসিক শিক্ষকরা শিক্ষার্থীদের নিরাপত্তা বিধানে সার্বক্ষণিকভাবে হলে অবস্থান করবেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন; হলগুলোয় কোনো বহিরাগত অবস্থান করতে পারবে না; যেকোনো ধরনের গুজব ও অপপ্রচার থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট সবাইকে আহ্বান জানানো হচ্ছে; সবাইকে নাশকতামূলক কাজ থেকে বিরত থাকার জন্য বলা যাচ্ছে। কেউ নাশতকতামূলক কাজে জড়িত হলে বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।