অ্যাম্বুলেন্স জেলার বাইরে যেতে বারণ, বিপাকে রোগী

দিনাজপুরের হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অ্যাম্বুলেন্স জেলার বাইরে না নেওয়ার নির্দেশনা দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। এতে চরম বিপাকে পড়েছেন গুরুতর অসুস্থ রোগীরা। এমন নির্দেশ প্রত্যাহারের দাবি জানিয়েছেন হাকিমপুর পৌরসভার মেয়র জামিল হোসেন চলন্ত।

গত রবিবার দুপুরে হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা এক রোগীর অবস্থার অবনতি হলে তাকে অন্যত্র নিয়ে যাওয়ার পরামর্শ দেন চিকিৎসকরা। এ সময় রোগীর স্বজনরা তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যেতে চাইলে হাসপাতাল কর্তৃপক্ষ অ্যাম্বুলেন্স দিতে অপারগতা প্রকাশ করেন।

এ ব্যাপারে হিলির পালপাড়া গ্রামের আব্দুস সাত্তার বলেন, ‘আমার বড় ভাই হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লে হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসি। পরবর্তী সময়ে চিকিৎসকরা তাকে রংপুরে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। এ সময় সহায়তা চাইলে হাসপাতাল কর্তৃপক্ষ বলে সরকারি অ্যাম্বুলেন্স রংপুরে যাওয়ার অনুমোদন নেই। শুধু দিনাজপুর জেলার মধ্যে অ্যাম্বুলেন্স চলাচলের নির্দেশ রয়েছে।’

তিনি আরও বলেন, ‘বাধ্য হয়ে বিষয়টি পৌর মেয়রকে জানাই। পরবর্তী সময়ে তিনি হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে রোগীকে রংপুরে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে দেন।’

হাসপাতালে রোগী নিয়ে আসা সিদ্দিক হোসেন বলেন, হাসপাতাল কর্তৃপক্ষের এ ধরনের সিদ্ধান্তের বিষয়টি সত্যিই দুঃখজনক।

হাকিমপুর পৌরসভার মেয়র জামিল হোসেন চলন্ত বলেন, ‘জেলার বাইরে অন্য হাসপাতালে সরকারি অ্যাম্বুলেন্স যাবে না কর্তৃপক্ষ এমন সিদ্ধান্ত নিতে পারে না। জনগণের স্বার্থে এই ধরনের নিয়ম দ্রুত প্রত্যাহার করতে হবে।’

হাকিমপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইলতুতমিশ আকন্দ বলেন, জেলার বাইরে অন্য কোনো হাসপাতালে সরকারি অ্যাম্বুলেন্স নেওয়া যাবে না ঊর্ধ্বতন কর্তৃপক্ষের এমন নির্দেশনা রয়েছে। কারণ, এখানে অ্যাম্বুলেন্স একটিই। দূরে গেলে দিন পার হয়ে যায়। তখন অন্য রোগীরা বিপাকে পড়েন। তাছাড়া অ্যাম্বুলেন্সের তেল বাবদ ৪-৫ লাখ টাকা বকেয়া পড়েছে পাম্পে। তারা একদিনে বেশি তেল দিতে রাজি নয়। সেক্ষেত্রে রংপুর কিংবা বগুড়ায় গেলে বেশি টাকার তেল খরচ হয়। এসব কারণে অ্যাম্বুলেন্স দূরে পাঠানোয় বারণ রয়েছে।

দিনাজপুরের সিভিল সার্জন ডা. এ এইচ এম বোরহান উল ইসলাম সিদ্দিকী বলেন, অ্যাম্বুলেন্স জেলার বাইরে নেওয়া যাবে না এ রকম কোনো কথা বলা হয়নি। সরকারি নিয়ম অনুযায়ী, কাছাকাছি মেডিকেল কলেজ হাসপাতালগুলোতে অ্যাম্বুলেন্স নেওয়া যাবে।