কুমিল্লায় প্রকল্প সমন্বয়কের ৫ বছর জেল

কুমিল্লার মেঘনায় একটি বাড়ি একটি খামার প্রকল্পের সমন্বয়কারী সাইফুল ইসলাম নামের এক ব্যক্তিকে পাঁচ বছরের সশ্রম কারাদন্ড দিয়েছে আদালত। প্রতারণা ও টাকা আত্মসাতের অভিযোগে আদালত তাকে এই দন্ড দেয়। আদালত সাইফুল ইসলামকে কারাদন্ডের পাশাপাশি ৩০ লাখ ৬০ হাজার ৮৫১ টাকা জরিমানা করে তা আগামী ৬০ দিনের মধ্যে রাষ্ট্রের অনুকূলে জমা দেওয়ার নির্দেশ দেয়।

গত রবিবার কুমিল্লা বিশেষ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক বেগম সামছুন্নাহার এ রায় দেন। চাকরি থেকে সাময়িক বরখাস্ত সাইফুল ইসলাম পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করার নির্দেশ দেন বিচারক। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের পিপি আশিকুর রহমান ও দুর্নীতি দমন কমিশন (দুদক) কুমিল্লা সমন্বিত কার্যালয়ের উপপরিচালক ফজলুল হক।