লাঠিসোঁটা নিয়ে বরিশাল কুয়াকাটা মহাসড়ক অবরোধ 

লাঠিসোঁটা নিয়ে এবার বরিশাল কুয়াকাটা মহাসড়ক অবরোধ করেছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের আন্দোলনকারী শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল, ক্যাম্পাস এরিয়াসহ শহর থেকে এসে শিক্ষার্থীরা এ আন্দোলনে অংশগ্রহণ করেন। 

মঙ্গলবার (১৬ জুলাই) বিকেল ৩টা থেকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জড়ো হওয়া শুরু করেন আন্দোলনলকারীরা। সাড়ে ৩টা নাগাদ প্রায় দেড় হাজার শিক্ষার্থী জড়ো হয়ে মহাসড়ক অবরোধ করেন। এ সময় শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল করতে দেখা গেছে।

আন্দোলনকারী শিক্ষার্থীরা জানান, দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পুলিশ ও ছাত্রলীগের হামলার প্রতিবাদে পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী মহাসড়ক অবরোধ করা হয়। দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা এ আন্দোলন চালিয়ে যাবে বলে জানান।

আন্দোলনের বরিশাল বিশ্ববিদ্যালয়ের সমন্বয় কমিটির অন্যতম সদস্য সুজয় বিশ্বাস শুভ বলেন, আমরা একটি যৌক্তিক আন্দোলন নিয়ে রাজপথে নেমেছি। ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রশাসন শিক্ষার্থীদের নিরাপত্তা না দিয়ে চরম নির্লজ্জতার পরিচয় দিয়েছে। প্রশাসনকে আমাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে, আমাদের মা-বাবা যেন আমাদের নিয়ে দুশ্চিন্তায় না থাকে। আমরা আমাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত রাজপথ ছেড়ে যাব না।

বরিশাল বিশ্ববিদ্যালয়ের আন্দোলনকারী শিক্ষার্থী সাইদুল ইসলাম বলেন, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আমার ভাইদের ওপরে যে হামলায় নিহত হয়েছেন তার বিচার এবং প্রধানমন্ত্রীর বক্তব্য প্রত্যাহারের দাবিতে আজকে আমাদের এই অবরোধ।

আন্দোলনকারী শিক্ষার্থী সুজন মাহমুদ বলেন, গতকাল সারারাত ঘুমাতে পারিনি। জাহাঙ্গীরনগরসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আমার ভাইদের ওপরে হামলা হয়েছে। আমাদের যৌক্তিক আন্দোলনে হামলা কেন? এই হামলা করে তারা কি আমাদের দাবিয়ে রাখতে চায়? আমরা পরিস্কার বলে দিতে চাই তাদের এই হীন ষড়যন্ত্র ব্যর্থ হবে। হামলা করে আমাদের আন্দোলন বন্ধ করা যাবে না। রাজপথে আমরা লড়ে যাব দাবি আদায় না হওয়া পর্যন্ত।