বরিশাল বিশ্ববিদ্যালয়

এসাইনমেন্টে শিক্ষকের নাম ভুল, ৩০০ বার লিখিয়ে ৩২ শিক্ষার্থীকে শাস্তি

আপডেট : ৩১ জুলাই ২০২৬, ০৯:৩০ পিএম

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) ফাইনান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের একটি এসাইনমেন্টে শিক্ষকের নামের বানান ভুল করায় ৩২ শিক্ষার্থীকে ৩০০ বার হাতে সেই নাম লিখে পুনরায় এসাইনমেন্ট জমা দিতে বাধ্য করার অভিযোগ উঠেছে বিভাগের সহকারী অধ্যাপক মরিয়ম হাসনার বিরুদ্ধে। এ ঘটনায় এক শিক্ষার্থী সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট করলে বিষয়টি নিয়ে বিশ্ববিদ্যালয়জুড়ে সমালোচনার ঝড় ওঠে।

খোঁজ নিয়ে জানা গেছে, ফাইনান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের তৃতীয় বর্ষের দ্বিতীয় সেমিস্টারের ৩২ জন শিক্ষার্থী এসাইনমেন্টে সহকারী অধ্যাপক মরিয়ম হাসনার নামের বানান ভুল লেখেন। পরে তিনি শাস্তিস্বরূপ প্রত্যেক শিক্ষার্থীকে নিজের নামের সঠিক বানান ৩০০ বার হাতে লিখে এসাইনমেন্টের সঙ্গে জমা দেওয়ার নির্দেশ দেন।

এই এসাইনমেন্টের ছবি নিজের ফেসবুক ওয়ালে শেয়ার করে সাইদুল ইসলাম সাইদ নামের এক শিক্ষার্থী লিখেছেন, 'গত রাতটি আমার বিশ্ববিদ্যালয় জীবনের অন্যতম স্মরণীয় একটি অভিজ্ঞতা হয়ে থাকবে। একটি শব্দের বানানে মাত্র একটি অতিরিক্ত অক্ষর—Morium-এর পরিবর্তে Morioum—লেখার কারণে আমাকে পুরো লেখাটি ৩০০ বার সংশোধন করতে হয়েছে।'

বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করে ফেসবুকে ফাইনান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের সাবেক শিক্ষার্থী রেদোয়ান সরকার লিখেছেন, 'কত কত অযাচিত assignment করছি তার হিসেব নাই, ক্রিয়েটিভিটি বলতে দেখে দেখে এ্যাসাইনমেন্ট এর এই ধরনের র্যাগিং ই হয় এখানে, শিক্ষক কর্তৃক নানান র্যাগিং এর সম্মুখীন হওয়া খুবই মামুলি বিষয় এই বিভাগে।'

চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের শিক্ষক মো. শহীদুল্লা কায়সার সমালোচনা করে ফেসবুক পোস্টে লিখেন,'আমার নাম কেউ সঠিকভাবে লিখতে পারে না বেশিরভাগ সময়। আমার শহীদুল্লা'র "হ" নেই। কায়সার লিখে, কাউসার। মো. এর ফুল ভার্সনও লিখে। তবে আমি অফিশিয়াল কাজে কারো সঠিক বানানে নাম লেখার পক্ষপাতী। বাট, এটার জন্য কাউকে শাস্তি দেওয়া ঠিক নয়। ভালো করে বুঝিয়ে বললেই হয়।'

এ বিষয়ে জানতে সহকারী অধ্যাপক মরিয়ম হাসনার ব্যক্তিগত মুঠোফোনে একাধিকার কল করেও তাকে পাওয়া যায় নি। তবে তিনি তার ফেসবুক পোস্টে লিখেন,'একটা ক্লাসরুমের বিষয় যে এমন আকার ধারণ করতে পারে সেটা আমার কল্পনাতেও ছিল না। যারা এসব করছেন তাদের প্রতি কোনো অভিযোগ নেই। শুধু আক্ষেপ একটাই আমাদের শিক্ষার্থীদের বড় বড় ক্যারিয়ার গঠনে শিক্ষক হিসেবে আমরা হয়তো কিছুটা হলেও ভূমিকা রাখতে পারছি। কিন্তু অনেককেই দায়িত্বশীলতা শেখাতে পারছি না। শিক্ষক হিসেবে সেই ব্যর্থতা আমাদেরই।'

×
সর্বশেষ সর্বাধিক পঠিত