এখন আমি ঠিক আছি : মেসি

কোপা আমেরিকার ফাইনালে লিওনেল মেসি ইনজুরির কারণে মাঠ থেকে উঠে যান ৬৬ মিনিটে। তবে লাউতারো মার্তিনেজের গোলে টানা দ্বিতীয়বার কোপার শিরোপা জেতে আর্জেন্টিনা। ট্রফি নিয়ে দল আর্জেন্টিনাতে ফিরলেও সঙ্গে ছিলেন না মেসি। মেসি ছাড়াও এমিলিয়ানো মার্তিনেজ, নিকোলাস তাগলিয়াফিকো, হুলিয়ান আলভারেজ, নিকোলাস ওতামেন্দি ও জেরোনিমো রুলি যুক্তরাষ্ট্রে থেকে গেছেন।

মেসির ইনজুরির কী অবস্থা তা নিয়ে ভক্তরা আছেন চিন্তায়। তবে মেসি নিজেই ইনস্টাগ্রাম পোস্টে জানালেন তার অবস্থার কথা। মেসি লিখেছেন, ‘কোপা আমেরিকা শেষ। প্রথমেই আমি আমাকে দেওয়া বার্তা আর অভিনন্দনের জন্য সবাইকে ধন্যবাদ জানাতে চাই। এখন আমি ঠিক আছি। ঈশ্বরকে ধন্যবাদ। আশা করছি, দ্রুতই আমি মাঠে ফিরতে পারব এবং আমি যে কাজটা করতে সবচেয়ে বেশি ভালোবাসি, সেটা উপভোগ করব।’ কোপা জয়ের পর উৎসব করলেও মেসির পায়ের গোড়ালি ফুলে যাওয়া ছবি ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে।

নিজের কথা লেখার পরই দীর্ঘদিনের সতীর্থ ডি মারিয়া এবং কোপা আমেরিকা জয় নিয়ে লেখেন মেসি। ‘আমি খুব খুশি, অনেক বেশি, বিশেষ করে আমাদের লক্ষ্য পূরণ হয়েছে এবং ফিদে (ডি মারিয়া) কোপা নিয়েই আমাদের ছেড়ে যাচ্ছে। ওতা (নিকোলাস ওতামেন্দি) এবং আমার জন্য এটা খুবই রোমাঞ্চকর। আমরা একটি দল, একটি পরিবার, অসাধারণ একটি গ্রুপ।’ সমর্থকদের প্রতিও কৃতজ্ঞতা জানিয়েছেন এলএমটেন, ‘যারা আমাদের সমর্থন করেছেন তাদের সবার প্রতি কৃতজ্ঞতা।’

মেসির ইনজুরির কারণে চিন্তায় থাকতে হচ্ছে ক্লাব ইন্টার মায়ামিকে। বৃহস্পতিবার টরোন্টোর বিপক্ষে খেলা মায়ামির। মেজর লিগ সকারের সেই ম্যাচে মেসিকে পাবে না তারা। পরে ২১ জুলাই শিকাগোর বিপক্ষে ম্যাচটিতে মেসিকে পাওয়া নিয়ে রয়েছে শঙ্কা।