শ্রীলঙ্কার সাবেক ক্রিকেটার ধাম্মিকা নিরোশানকে গুলি করে হত্যা করেছে অজ্ঞাত দুর্বৃত্তরা। আম্বালাংগোড়ার কান্ডা মাওয়াথায় নিজের বাড়ির সামনে তাকে গুলি করা হয়। ঘটনার কারণ উদঘাটন করে জড়িতদের ধরার জন্য অভিযান চালিয়ে যাচ্ছে পুলিশ। খবর দিয়েছে ‘ইএসপিএনক্রিকইনফো’।
৪১ বছর বয়সী ধাম্মিকা মৃত্যুর সময় স্ত্রী এবং দুই সন্তানকে রেখে গেছেন। বয়সভিত্তিক পর্যায়ে তিনি শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক ছিলেন। কিন্তু কখনই সিনিয়র জাতীয় দলে সুযোগ হয়নি। ২০০৪ সালে মাত্র ২০ বছর বয়সে তিনি সব ধরনের ক্রিকেট থেকে অবসর নেন। পেস বোলিংয়ের পাশাপাশি ব্যাট হাতেও দলের প্রয়োজনে অবদান রাখতেন ধাম্মিকা।
২০০০ সালে শ্রীলঙ্কার অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলের হয়ে অভিষেক হয় ধাম্মিকার। বয়সভিত্তিক ক্রিকেটে তার অধীনে খেলেছেন পারভেজ মাহরুফ, অ্যাঞ্জেলো ম্যাথুজ, উপুল থারাঙ্গার মতো তারকা ক্রিকেটার। গল ক্রিকেট ক্লাবের হয়ে ঘরোয়া সার্কিটে ১২টি প্রথম শ্রেণির ম্যাচ এবং ৮টি লিস্ট ‘এ’ ম্যাচ খেলেছেন ধাম্মিকা। সব মিলিয়ে ৩০০ রান এবং ১৯টি উইকেট নিয়েছেন।