চট্টগ্রামে নিহত ৩: চার মামলায় আসামি সাড়ে ৭ হাজার

চট্টগ্রামে কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে  ছাত্রলীগের সংঘর্ষে তিনজন নিহত ও অর্ধশতাধিক আহতের ঘটনায় দুই থানায় পৃথক চারটি মামলা দায়ের হয়েছে। এসব মামলায় প্রায় সাড়ে ৭ হাজার জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। নগরের খুলশী থানায় ১টি এবং পাঁচলাইশ থানায় ৩টি মামলা দায়ের হয়। বুধবার (১৭ জুলাই) সকালে এসব মামলা দায়ের হয়।

পাঁচলাইশ থানার ওসি সন্তোষ কুমার চাকমা জানিয়েছেন গতকাল মঙ্গলবার বিকালে মুরাদপুর এলাকায় সংঘর্ষের ঘটনায় পাঁচলাইশ থানায় তিনটি মামলায় প্রায় সাত হাজার অজ্ঞাত আসামি করা হয়েছে। তিনটি মামলার মধ্যে দুটি পুলিশ বাদী হয়ে, অন্যটি দায়ের করেছেন ইমন ধর নামে আহত এক ব্যক্তির মা। এ মামলায় ১৫০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (জনসংযোগ) কাজী মো. তারেক আজিজ জানান, সংঘর্ষের ঘটনায় খুলশী থানায় একটি মামলা হয়েছে। আহত এক ব্যক্তির স্বজন বাদী হয়ে এ মামলা করেন। এই মামলায় একজনের নাম উল্লেখ করে ৫০০ থেকে ৬০০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।

গতকাল মঙ্গলবার বিকেলের সংঘর্ষে তিনজন নিহত ও অর্ধশতাধিক আহত হন। নিহতরা হলেন-মো. ওমর ফারুক (৩২), ওয়াসিম আকরাম (২৩) ও ফয়সাল আহমেদ শান্ত (২৪)। ফারুক শুলকবহর এলাকার একটি ফার্নিচার দোকানের কর্মচারী। তিনি কুমিল্লার চান্দিনা উপজেলার হাসিমপুর গ্রামের মো. দুলালের ছেলে। ওয়াসিম চট্টগ্রাম কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র এবং চট্টগ্রাম কলেজ শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ছিলেন। তিনি কক্সবাজার পেকুয়া উপজেলার মেহেরনামা গ্রামের শফিউল আলমের ছেলে। ফয়সাল চট্টগ্রাম নগরের ওমরগণি এম ই এস কলেজের ব্যবস্থাপনা বিভাগের ছাত্র।