কোটা আন্দোলনের সহিংসতা কেন্দ্র করে কারফিউ ও টানা তিন দিন সাধারণ ছুটির পর আজ খুলছে ব্যাংক। কারফিউ শিথিলের সময়টাতে বুধবার বেলা ১১টা থেকে ৩টা পর্যন্ত লেনদেন চলবে। গতকাল বাংলাদেশ ব্যাংকের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। ব্যাংকের মতো একই সময়ে চলবে আর্থিক প্রতিষ্ঠানও। তবে পুঁজিবাজারের লেনদেন এক ঘণ্টা কমে বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত চলবে।
এর আগে শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলন কেন্দ্র করে গত শনিবার মধ্যরাত থেকে কারফিউর ঘোষণা দেয় সরকার। এতে রবি, সোম ও মঙ্গলবার সাধারণ ছুটি ঘোষণা করে সরকার। এ ছাড়া গত বৃহস্পতিবার থেকে সারা দেশে ইন্টারনেটও বন্ধ করে দেওয়া হয়। এর ফলে বন্ধ থাকে ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান ও পুঁজিবাজারের লেনদেন।