দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ায় ব্যবসা-বাণিজ্যে অচলাবস্থা তৈরি হয়েছে। নিরাপত্তা শঙ্কায় দোকান খুলতে পারেননি ব্যবসায়ীরা। টানা চার দিন পর আজ ৭ ঘণ্টা কারফিউ শিথিলের ঘোষণা দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। দোকান মালিক সমিতি বলছে, কারফিউ শিথিল থাকা অবস্থায় দোকান খোলা রাখবেন তারা।
কোটা সংস্কার আন্দোলনের সময় রাজধানীর বেশ কিছু এলাকায় সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এর মধ্যে কেনাকাটার সবচেয়ে জনপ্রিয় এলাকা নিউ মার্কেট ও নীলক্ষেতে ছাত্রদের সংঘর্ষ হয়। বিপাকে পড়েন এই এলাকার ব্যবসায়ীরা। তাছাড়া রামপুরা, বাড্ডা, উত্তরা, যাত্রাবাড়ীতেও সংঘর্ষের কারণে দোকান খুলতে পারেননি কেউ।
গত শনিবার রাত থেকে সারা দেশে কারফিউ জারি করে সরকার। এতে জরুরি পণ্য ছাড়া বাকি সব ধরনের ব্যবসা বন্ধ রাখতে বাধ্য হন ব্যবসায়ীরা।