মুন্সীগঞ্জের শ্রীনগরে নিখোঁজের এক দিন পর ডোবা থেকে এক মাদ্রাসাশিক্ষার্থীর লাশ উদ্ধার করেছে পুলিশ। তার নাম মুসা হোসেন (৭)। গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে উপজেলার দক্ষিণ লস্করপুর গ্রামের নিজ বাড়ির পাশের ডোবা থেকে তার লাশ উদ্ধার করা হয়। সে ওই গ্রামের মকবুল হোসেনের ছেলে। গত সোমবার বিকেলে প্রাইভেট পড়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হওয়ার পর থেকে নিখোঁজ ছিল মুসা।
শ্রীনগর থানার ওসি আব্দুল্লাহ আল তায়েবীর জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে মাদ্রাসাশিক্ষার্থীর লাশ উদ্ধার করে পুলিশ। শিক্ষার্থীর কান ও চোখের নিচে রক্ত জমাট বাঁধা অবস্থায় ছিল। ধারণা করা হচ্ছে, ডোবার পানিতে ডুবে তার মৃত্যু হয়েছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। লাশ ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।