ইনজুরিতে মাঠের বাইরে থাকা ব্রাজিল তারকা নেইমার আবারও বাবা হয়েছেন। তার বান্ধবী আমান্দা কিম্বার্লি জন্ম দিয়েছেন একটি কন্যাসন্তানের, যার নাম রাখা হয়েছে ‘হেলেনা’। এই নিয়ে তিন বান্ধবীর গর্ভে তিন সন্তানের জন্ম দিলেন নেইমার। গত শুক্রবার সোশ্যাল মিডিয়ায় ব্রাজিল সুপারস্টার নিজেই এই সুসংবাদ দিয়েছেন।
কিম্বার্লি একজন ব্রাজিলিয়ান মডেল ও সোস্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার। এর ৯ মাস আগে আরেক বান্ধবী ব্রুনো বিয়ানকার্ডির গর্ভে জন্ম হয়েছিল তাদের দ্বিতীয় কন্যা মাভির। গত বছরের অক্টোবরে তাদের সন্তান পৃথিবীতে আসে। গুঞ্জন ছিল, বিয়ানকার্ডি সন্তানসম্ভাবা থাকাকালীন নতুন সম্পর্কে জড়ান নেইমার।
ব্রাজিল তারকার প্রথম সন্তানের জন্ম দিয়েছিলেন তার আরেক বান্ধবী ক্যারোলিনা দান্তাস। তিনিও ব্রাজিলিয়ান মডেল। সেই প্রথম সন্তানের নাম দাভি লুকা। নেইমারের চেয়ে বয়সেও বড় ছিলেন ক্যারোলিনা। নেইমার বার্সায় যোগ দেওয়ার পর সেই সম্পর্ক ভেঙে যায়। সৌদি আরবের ক্লাব আল হিলালে যোগ দেওয়া নেইমার এখন চোট থেকে সেরে ওঠার অপেক্ষায়।