দেশে সহসাই চালু হচ্ছে না ফেসবুক 

দেশে সহসাই ফেসবুক, ইউটিউব, টিকটকের মতো সোশ্যাল মিডিয়াগুলো চালু হচ্ছে না বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

আজ বুধবার (২৪ জুলাই) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ের বিটিআরসি ভবনের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে তিনি একথা জানান।

পলক বলেন, আগামী তিন দিনের মধ্যে ফেসবুক, টিকটকের মতো সোশ্যাল মিডিয়াকে চিঠি দিয়ে তাদের নিয়ে আলোচনায় বসা হবে। তারা যদি এই শুনানিতে অংশ নিয়ে সন্তোষজনক জবাব দিতে না পারে তবে তাদের বিষয়ে কঠোর হবে সরকার।

এদিকে আজ রাত থেকে বাসা-বাড়িতে পরিপূর্ণভাবে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা চালু হবে জানিয়ে তিনি বলেন, আগামী রবি-সোমবারের মধ্যে মোবাইল ইন্টারনেট চালু হতে পারে। আমরা এমটবের সঙ্গে মিটিং করব। এরপর তথ্য পর্যালোচনা করে রবি-সোমবারের মধ্যে মোবাইল ইন্টারনেট চালু হতে পারে।