কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতায় আহত ১৬ জন এখনো চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে কাতরাচ্ছেন। তাদের মধ্যে একজনের অবস্থা সংকটাপন্ন হওয়ায় তাকে আইসিইউতে ভর্তি করা হয়েছে।
চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দিন জানান, কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতায় অন্তত দুই শতাধিক আহত ব্যক্তিকে চমেক হাসপাতালে ভর্তি করা হয়। এরমধ্যে বেশিরভাগই সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। অগ্নিদগ্ধ একজনকে সংকটাপন্ন অবস্থায় আইসিইউতে ভর্তি করা হয়েছে।
এর আগে মঙ্গলবার (২৩ জুলাই) সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হৃদয় চন্দ্র তরুয়া (২২) নামে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের এক ছাত্র মারা যান। নিহত তরুণ পটুয়াখালী সদর রোডের নতুন বাজার এলাকার রতন চন্দ্র তরুয়ার ছেলে। গত ১৮ জুলাই নগরের বহদ্দারহাটে সংঘর্ষের ঘটনায় গুলিবিদ্ধ হন।