বাজারে নিত্যপণ্যের কোনো সংকট দেখছেন না বাণিজ্য প্রতিমন্ত্রী

বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু বলেছেন, বাজারে নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের সরবরাহ স্বাভাবিক রয়েছে, নিত্যপণ্যের কোনো সংকট নেই। পণ্যের সরবরাহ ঠিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

গতকাল বুধবার রাজধানীর কারওয়ান বাজারের কাঁচাবাজার এবং মোহাম্মদপুর চালের পাইকারি কৃষি মার্কেট পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ ঠিক রাখতে ইতিমধ্যে বন্দর খুলে দেওয়া হয়েছে। খাদ্যপণ্যবাহী যান চলাচলের জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে।

খাদ্যপণ্য পরিবহনের ক্ষেত্রে কোনো ভোগান্তি যেন না হয়, সেজন্য কন্ট্রোল রুম খোলা হয়েছে। খাদ্যপণ্য পরিবহনের সময় কোনো ধরনের সমস্যা হলে সেখানে অভিযোগ করার অনুরোধ করেন তিনি।

আহসানুল ইসলাম বলেন, শিক্ষার্থীদের আন্দোলনকে ভর করে বিএনপি-জামায়াত নাশকতা চালিয়েছে এবং পণ্য সরবরাহে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে। এরপরও নিত্যপণ্যের সরবরাহ স্বাভাবিক রয়েছে।

এ সময় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এ এইচ এম শফিকুজ্জামান এবং সরকারি বিপণন সংস্থা টিসিবির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মো. মোস্তফা ইকবাল উপস্থিত ছিলেন।