বর্তমান সময়ে যোগাযোগের অন্যতম অনুষঙ্গ হলো মোবাইল ফোন। মোবাইল ফোনের মাধ্যমে খুব সহজেই আমরা পরস্পরের সঙ্গে কথা বলতে পারি। কিন্তু যথেচ্ছ ব্যবহারের কারণে মোবাইল ফোন ঘটিত সমস্যাও কম নয়। শিষ্টাচার মেনে মোবাইল ফোন ব্যবহার করলে এ ধরনের সমস্যা এড়ানো সম্ভব। সেজন্য জানতে হবে শিষ্টাচার মেনে মোবাইল ফোনের ব্যবহার। জানাচ্ছেন এনাম-উজ-জামান
মোবাইল ফোন একটি কমিউনিকেটিং ডিভাইস, শো-অফের জন্য লেটেস্ট মডেলের মোবাইল ফোন কেনা ও প্রদর্শন থেকে করা অনুচিত। প্রয়োজনীয় আলাপ তিন মিনিটের মধ্যে সম্পন্ন করতে সচেষ্ট থাকতে হবে। এর ফলে অপর প্রান্তের ব্যক্তি অধৈর্য হওয়া থেকে রেহাই পাবেন। দীর্ঘ আলাপের ক্ষেত্রে সম্ভব হলে কল করার আগে মেসেজ দিয়ে অনুমতি গ্রহণ করা উচিত।
ভিডিও কল রিসিভ করার আগে পারিপার্শ্বিক পরিবেশ বুঝে রিসিভ করা উচিত।
গান শোনা, সময় দেখা ইত্যাদি কাজে মোবাইল ফোন ব্যবহার করা থেকে যথাসম্ভব বিরত থাকতে হবে।
স্ক্রিন সেভার বা ওয়াল পেপারে ব্যক্তিগত ছবি ব্যবহার করা থেকে বিরত থাকা উচিত।
স্মার্টফোনের পাসওয়ার্ড/ পিন নম্বর সতর্কতার সঙ্গে মনে রাখা। কোথাও লিখে রাখার ব্যাপারে সতর্ক থাকতে হবে।
পাবলিক প্লেসে উচ্চৈঃস্বরে ফোনে কথা বলা থেকে বিরত থাকতে হবে। পাবলিক প্লেসে উচ্চৈঃস্বরে কথা বললে অন্যের বিরক্তি উৎপাদিত হয়।
স্মার্টফোনে সেলফি তোলার ব্যাপারে সতর্ক থাকা। সেলফি তুলতে গিয়ে দুর্ঘটনার শিকার হওয়ার নজির রয়েছে অনেক। তাছাড়া সেলফি তুলতে গেলে অনেক সময় অন্য মানুষ ফ্রেমের মধ্যে চলে আসে। তারা এই সেলফির ফ্রেমে আসতে চায় কি না সেটাও ভাবতে হবে। অনুমতি ছাড়া কারও ছবি তোলা শিষ্টাচার বহির্ভূত আচরণ। এটা ঠিক নয়।
ঘুমানোর কমপক্ষে দুই ঘণ্টা আগে থেকে মোবাইল ফোন ব্যবহার বন্ধ করে দূরে রাখা উচিত। এতে প্রশান্তিময় ঘুমের সম্ভাবনা বৃদ্ধি পায়।
অতিরিক্ত গেম খেলা থেকে বিরত থাকতে হবে। অতিরিক্ত গেম খেলার কারণে পরীক্ষায় ফল খারাপ হওয়া, ক্লাসে যেতে না চাওয়া, পরিবার ও সামাজিক অনুষ্ঠানের প্রতি আগ্রহ হারিয়ে ফেলা ইত্যাদি আচরণগত সমস্যা দেখা যায়। একে গেমিং ডিসঅর্ডার বলে।
খেতে খেতে কোনো মোবাইল ফোন বা কোনো ডিভাইস ব্যবহার করা উচিত নয়। এর ফলে মস্তিষ্ক খাবারের স্বাদ-গন্ধ-রঙের প্রতি মনোযোগ দিতে পারে না। ফলে হজম প্রক্রিয়া স্থায়ীভাবে দুর্বল হয়ে যায়।
যানবাহনে অবস্থান করার সময় মোবাইল ফোন ব্যবহার থেকে যথাসম্ভব বিরত থাকতে হবে। জরুরি প্রয়োজনে ব্যবহার করতে হলেও নিম্নস্বরে অল্পসময়ে প্রয়োজনীয় আলাপ শেষ করার চেষ্টা করতে হবে।
ভেজা হাতে চার্জার ধরা, অন-অফ করা, মোবাইল চার্জ করা অবস্থায় কথা বলা থেকে বিরত থাকতে হবে।
রাস্তা পারাপারের সময়, রেললাইনের ওপর দিয়ে চলাচলের সময় কানে হেডফোন ব্যবহার থেকে বিরত থাকতে হবে। এ সময় মোবাইল ব্যবহার না করাটাই সবচেয়ে নিরাপদ।