ভারত থেকে এলো ২২৭ টন কাঁচা মরিচ, কমল দাম

দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে গতকাল বৃহস্পতিবার ভারত থেকে ২৫টি ট্রাকে করে ২২৭ টন কাঁচা মরিচ আমদানি হয়েছে। এতে চাহিদার তুলনায় সরবরাহ বাড়ায় একদিনের ব্যবধানে পাইকারিতে কাঁচা মরিচের দাম কমেছে কেজিপ্রতি ৭০-৮০ টাকা। একদিন আগেও বন্দরে প্রতিকেজি কাঁচা মরিচ ২০০-২২০ টাকা দরে বিক্রি হয়েছে। দাম কমায় খুশি বন্দরে কাঁচা মরিচ কিনতে আসা পাইকাররা।

হিলি স্থলবন্দরে কাঁচা মরিচ কিনতে আসা ফিরোজ হোসেন বলেন, ‘পর্যাপ্ত সরবরাহ না থাকায় বাজারে কাঁচা মরিচের দাম ঊর্ধ্বমুখী ছিল। তাই সরবরাহ স্বাভাবিক রাখতে হিলি স্থলবন্দর দিয়ে কাঁচা মরিচ ক্রয় করে দেশের বিভিন্ন মোকামে পাঠাচ্ছি। এক দিন আগেও বন্দরে কাঁচা মরিচের দাম ছিল ২২০ টাকা। এতে করে আমাদের মরিচ কিনতে সমস্যা হচ্ছিল। বর্তমানে বন্দর দিয়ে কাঁচা মরিচের আমদানি বাড়ায় দাম কমতে শুরু করেছে। বর্তমানে দাম কমে ১৩০-১৪০ টাকায় নেমে এসেছে। এতে মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।’  

হিলি স্থলবন্দরের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন বলেন, ‘দেশের বর্তমান পরিস্থিতির মধ্য দিয়েও শুরু থেকেই হিলি স্থলবন্দর দিয়ে কাঁচাপণ্য পেঁয়াজ ও কাঁচা মরিচ আমদানি অব্যাহত ছিল। তবে গতকাল থেকে আগের চেয়ে কাঁচা মরিচের আমদানির পরিমাণ বেড়েছে। গতকাল বন্দর দিয়ে ২৫টি ট্রাকে করে ২২৭ টন কাঁচা মরিচ আমদানি হয়েছে। যেহেতু কাঁচা মরিচ একটি কাঁচাপণ্য, তাই কাস্টমসের প্রক্রিয়া শেষে দ্রুত যেন আমদানিকারকরা খালাস করে নিতে পারেন সে জন্যও সতর্ক রয়েছেন বন্দর কর্তৃপক্ষ।’