বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তিন সমন্বয়ককে তুলে নেওয়ার অভিযোগ উঠেছে। তারা হলেন অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ এবং আবু বাকের মজুমদার। এ ছাড়া নাহিদ ইসলামের স্ত্রীকেও তুলে নেওয়া হয়েছে বলে জানা যায়।
আজ শুক্রবার বিকেলে গণস্বাস্থ্য নগর হাসপাতাল থেকে সাদা পোষাকের কিছু ব্যক্তি তাদের তুলে নিয়ে যায় বলে দেশ রূপান্তরকে জানিয়েছেন আরেক সমন্বয়ক আবদুল হান্নান মাসুদ।
তিনি বলেন, তিন সমন্বয়ক এবং নাহিদ ইসলামের স্ত্রীকে হাসপাতাল থেকে সাদা পোষাকের কিছু লোক তুলে নিয়ে গেছে। আমরাও আতংকে আছি। আমরা সংবাদ সম্মেলন করে আমাদের পরবর্তী কর্মসূচি জানানোর চেষ্টা করছি।
সমন্বয়কদের তুলে নেওয়ার বিষয়ে ডিএমপির গোয়েন্দা শাখার অতিরিক্ত কমিশনার (এডিসি) জুনায়েদ আলম দেশ রূপান্তরকে বলেন, কোটা সংস্কার আন্দোলনের সমন্বয়কে তুলে নেওয়ার কোনো তথ্য আমাদের কাছে নেই। যদি ডিবি তাদের তুলে নিয়ে আসত তাহলে আমরা জানতে পারতাম। আর ডিবি আটকের ক্ষেত্রে কখনো তথ্য গোপন করে না।
এর আগে সমন্বয়ক আসিফ মাহমুদ, আবু বাকের মজুমদার এবং সহ সমন্বক রিফাত রশিদকে খুঁজে পাওয়া যাচ্ছিল না বলে অভিযোগ করেছিল আন্দোলনের কয়েকজন সমন্বয়ক। পরবর্তীতে তাদের খোঁজ মেলে এবং হাসপাতালে চিকিৎসা নেন। এবার হাসপাতাল থেকেই তিন সমন্বয়কসহ চারজনকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ তুলে সংগঠনটি।