আসন্ন পাকিস্তান সিরিজের প্রস্তুতির জন্য চট্টগ্রামে হচ্ছে দুই দিনের ম্যাচ। সেই ম্যাচে সেঞ্চুরি পেয়েছেন মুমিনুল হক। চট্টগ্রামে সাদা পোষাকে ক্রিকেট মানেই যেন মুমিনুলের জ্বলে ওঠা। টেস্ট ক্যারিয়ারে সর্বোচ্চ ১২ সেঞ্চুরি আছে মুমিনুল হকের। তার ৭টি তিনি করেছেন চট্টগ্রামে।
এছাড়া ভালো শুরু পেয়েছিলেন মুশফিকুর রহিম। জাতীয় দলের বেশ কয়েকজন ক্রিকেটারকে রাখা হয়েছে দুইদিনের এই প্রস্তুতি ম্যাচে। ব্যাটিংয়ের পাশাপাশি বোলিংয়েও আলো ছড়িয়েছেন জাতীয় দলের ক্রিকেটাররা।
চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আগে ব্যাটিং করে বিসিবি সবুজ দল মুশফিকুর রহিমের হাফ সেঞ্চুরিতে (৫০) ১৩১ রান করতে পারে। জবাবে খেলতে নেমে প্রথম দিনে ৪ উইকেট হারিয়ে লাল দল তোলে ১৪৬ রান। শুক্রবার ১৫ রান এগিয়ে থেকে ফের ব্যাটিংয়ে নামে লাল দল। আগের দিন ৪৭ রানে অপরাজিত থাকা মুমিনুল পান সেঞ্চুরির দেখা। নাসুমের বলে আউট হওয়ার আগে খেলেন ১২৩ রানের ঝকঝকে ইনিংস। ১৮৩ বলে ১৫ চার ও ১ ছক্কায় নিজের ইনিংসটি সাজান তিনি।
যদিও মুমিনুল ছাড়া কেউই বড় ইনিংস খেলতে পারেননি। আগের দিন ৩৮ রানের ইনিংস খেলা নাঈম শেখ দ্বিতীয় সর্বোচ্চ সংগ্রাহক। ৯ উইকেট হারিয়ে ২৭৪ রান তুলে ইনিংস ঘোষণা করে লাল দল।
সবুজ দলের বোলারদের মধ্যে মিরাজ ৬৪ রানে তিনটি উইকেট নেন।
১৪৩ রান পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করে সবুজ দল। মুশফিক খেলেন ৪৮ রানের ইনিংস। দিনের আলো নেভার আগে সবুজ দল ৪১ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৪৭ রানে থামে। আহরার আমিন ৩১ ও হাবিবুর রহমান ১৫ রানে অপরাজিত ছিলেন।
একদিন বিরতি দিয়ে আগামী রবিবার তিনদিনের আরও একটি ম্যাচ হওয়ার কথা রয়েছে।
অলিম্পিকে ডোপিংয়ের কালো থাবা
নতুন ক্লাবের সঙ্গে নতুন প্রেমিকাও পেলেন এমবাপ্পে?