সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের প্ল্যাটফর্ম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তিন সমন্বয়ককে তুলে নেওয়া হয়েছে। তারা হলেন নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ ও আবু বাকের মজুমদার। ডিবি পুলিশ বলছে, নিরাপত্তার স্বার্থে তাদের নিয়ে আসা হয়েছে।
গতকাল শুক্রবার রাতে ডিএমপির গোয়েন্দা বিভাগের অতিরিক্ত কমিশনার (এডিসি) জুনায়েদ আলম দেশ রূপান্তরকে বলেন, ‘নিরাপত্তা ও সাধারণ জিজ্ঞাসাবাদের জন্য কোটা সংস্কার আন্দোলনের তিন সমন্বয়ককে রাজধানীর মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়েছে। সমন্বয়করাই তাদের নিরাপত্তা চেয়েছেন, তাই তাদের এখানে নিয়ে আসা হয়। আর কিছু জিজ্ঞাসাবাদের জন্যও তাদের নিয়ে আসা হয়। জিজ্ঞাসাবাদ শেষে তাদের ছেড়ে দেওয়া হবে।’
এর আগে গতকাল বিকেলে তিন সমন্বয়ককে গণস্বাস্থ্য নগর হাসপাতাল থেকে সাদা পোশাকে তুলে নেওয়া হয় বলে দেশ রূপান্তরকে জানান আরেক সমন্বয়ক আবদুল হান্নান মাসুদ।
তিনি বলেন, ‘তিন সমন্বয়ক এবং নাহিদ ইসলামের স্ত্রীকে হাসপাতাল থেকে সাদা পোশাকের কিছু লোক তুলে নিয়ে গেছে। আমরাও আতঙ্কে আছি। আমরা সংবাদ সম্মেলন করে আমাদের পরবর্তী কর্মসূচি জানানোর চেষ্টা করছি।’
সমন্বয়ক আসিফ মাহমুদ, আবু বাকের মজুমদার ও সহসমন্বয়ক রিফাত রশিদকে খুঁজে পাওয়া যাচ্ছিল না বলে অভিযোগ করেছিল আন্দোলনের কয়েকজন সমন্বয়ক। পরে তাদের খোঁজ মেলে এবং তারা হাসপাতালে চিকিৎসা নেন। এবার হাসপাতাল থেকে তিন সমন্বয়কসহ চারজনকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ তুলল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।