মেয়ে সানার কর্মস্থলে প্রধান বক্তা সৌরভ

ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলীর মেয়ে সানা গাঙ্গুলী লন্ডনভিত্তিক তথ্য-প্রযুক্তি প্রতিষ্ঠান ‘ইনোভার্ভ’-এ কর্মরত আছেন। সেই প্রতিষ্ঠানের একটি অনুষ্ঠানে প্রধান বক্তা করা হয়েছে সৌরভকে। আগামী ১৭ আগস্ট প্রতিষ্ঠানটির কলকাতা অফিস এই অনুষ্ঠান আয়োজন করেছে। সেখানে নেতৃত্ব বিষয়ে নিজের নানা অভিজ্ঞতার কথা বলবেন সৌরভ।

এ বিষয়ে সৌরভ স্থানীয় গণমাধ্যমকে বলেছেন, ‘আমি ইনোভার্ভের ব্যাপারে প্রথম জানতে পারি কন্যা সানার কাছ থেকে। সে যেভাবে এই প্রতিষ্ঠান নিয়ে উৎসাহী, যেভাবে প্রতিষ্ঠানটিকে ভালোবাসে, সেটা দেখে আমি অবাক। প্রতিদিন ঘুম থেকে উঠেই ছটফট করে কখন অফিস যাবে, কখন দলের সঙ্গে কাজ করবে। ওখানে যারা কাজ করেন, তাদের মধ্যে সানা বয়সে সবচেয়ে ছোট। সেও যদি নিজেকে মূল্যবান এবং গর্বিত মনে করে, কাজ করে আনন্দ পায়, তার মানে বুঝতে হবে এই প্রতিষ্ঠানের মধ্যে কোনো বিশেষ ব্যাপার আছে।’

গত জুলাইয়েও এই প্রতিষ্ঠানের একটি অনুষ্ঠানে ছিলেন সৌরভ। সেটি হয়েছিল লর্ডসে। এই মাঠেই তিনি অভিষেক টেস্টে সেঞ্চুরি করেছিলেন। সেই অনুষ্ঠান নিয়ে সৌরভ বলেন, ‘লর্ডস আমার হৃদয়ে আছে। সেখানে ইনোভার্ভের অনুষ্ঠানে ছিলাম গত জুলাইয়ে। আমরা যেখানে অনুষ্ঠানটা করেছিলাম, তার পিছনে পুরো লর্ডসটা দেখা যাচ্ছিল। এবার আগস্টে আমার নিজের শহর কলকাতায় অনুষ্ঠান। এবার আরও বেশি দর্শক থাকবেন। আমি মুখিয়ে আছি।’