মেজর লিগ ক্রিকেটের ফাইনালে উঠতে হলে করতে হবে ২০১ রান। ছুঁই ছুঁই করেও লক্ষ্যটা ছোঁয়া হলো না টেক্সাস সুপার কিংসের। তাদের ১০ রানে হারিয়ে চ্যালেঞ্জার ম্যাচ জিতে ফাইনালে পৌঁছে গেছে সান ফ্র্যানসিস্কো ইউনিকর্নস।
স্যান ফ্র্যানসিস্কোর ফাইনালে ওঠার পেছনে সবচেয়ে বেশি অবদান কিউই ব্যাটার ফিন অ্যালেনের। গুরুত্বপূর্ণ এ ম্যাচে নিজের প্রথম এমএলসি সেঞ্চুরির দেখা পান অ্যালেন। ৫৩ বলে ৯ চার ও ৫ ছক্কায় তার ১০১ রানের ইনিংসে ভর করেই টেক্সাসের সামনে ৬ উইকেটে ২০০ রানে পুঁজি দাঁড় করায় দলটি। অ্যালেনের পর জশ ইঙলিস করেন ২৫ বলে ৩৭ রান। ২৭ রানে ৩ উইকেট শিকার করেন টেক্সাসের নুর আহমেদ।
জবাবে আগের ম্যাচের মতোই দুর্দান্ত শুরু করেন টেক্সাস অধিনায়ক ফাফ ডু প্লেসি। ৫ম ওভারে দলীয় ৫৫ রানে আউট হওয়ার সময় তার ব্যাট থেকে এসেছিলো ২২ বলে ৪৫ রান। চোখ ধাঁধানো ক্যাচে টেক্সাস অধিনায়ককে থামান ইউনিকর্নস অধিনায়ক কোরি অ্যান্ডারসন।
খোলস ছেড়ে বেরিয়ে আসেন ডেভন কনওয়ে। খেলেন ৩৮ বলে ৬২ রানের ইনিংস। শেষ দিকে জশুয়া ট্রম্প দলকে টানছিলেন ৩৬ বলে ৫২ রানে অপরাজিত থাকলেও বাকি থাকা ১০ রানের আক্ষেপসঙ্গী হয় টেক্সাসের।
প্রথম কোয়ালিফায়ারে স্যান ফ্র্যানসিস্কোকে ৭ উইকেটে হারিয়ে আগেই ফাইনাল নিশ্চিত করে রেখেছিল ওয়াশিংটন ফ্রিডম। ২৯ জুলাই সকাল ৬:৩০ টায় মেজর লিগ ক্রিকেটের দ্বিতীয় আসরের শিরোপা লড়াইয়ে মুখোমুখি হবে দুই দল।গত আসরের শিরোপা জিতেছিল এমআই নিউ ইয়র্ক। তাই এ বছর নতুন চ্যাম্পিয়ন পেতে যাচ্ছে মেজর লিগ ক্রিকেট।