প্যারিস অলিম্পিকে নিজেদের প্রথম ম্যাচে মরক্কোর বিপক্ষে হেরেছিল আর্জেন্টিনা। সেই ম্যাচে হয়েছে বিতর্কিত সিদ্ধান্ত। সেটি নিয়ে কথাও বলেছিলেন বিশ্বকাপজয়ী ফুটবলার লিওনেল মেসি, রদ্রিগো ডি পলরা। প্রথম ম্যাচ হারায় গতকাল ‘বি’ গ্রুপে ইরাকের বিপক্ষে ম্যাচটি ছিল আর্জেন্টিনার বাঁচা-মরার লড়াই। আর্জেন্টিনা ৩-১ গোলে হারিয়েছে ইরাককে। এই জয়ে টিকে রইল আর্জেন্টিনার কোয়ার্টার ফাইনালে যাওয়ার স্বপ্ন।
ফুটবলে শক্তি-সামর্থ্য-অবকাঠামো সবকিছুতেই ইরাকের চেয়ে ঢের এগিয়ে আর্জেন্টিনা। তবু অলিম্পিকে অনূর্ধ্ব-২৩ দলের এই লড়াইয়ে কিছুটা ভুগতে হয়েছে হাভিয়ের মাসচেরানোর দলকে। যদিও আর্জেন্টিনার শুরুটা হয় দুর্দান্ত। ফ্রান্সের লিওতে ম্যাচের দশম মিনিটে বক্সেরখানিকটা বাইরে ফ্রিকিক থেকে গোল পেতে পারতেন অলিম্পিকে আর্জেন্টিনার নম্বর টেন থিয়াগো আলমাদা। ফ্রিকিক ছিল নিখুঁত। কিন্তু ইরাকি গোলকিপার হুসেইন হাসান ঝাঁপিয়ে পড়ে বল ধরেন।
তিন মিনিট পর আলমাদার গোলেই এগিয়ে যায় আর্জেন্টিনা। বাম প্রান্ত থেকে আসা বলে হুলিয়ান আলভারেজের আলতো টাচ থেকে বল পান আলমাদা। ফাঁকায় দাঁড়ানো এই মিডফিল্ডার ভাসানো বলে দুর্দান্ত কিকে বল পাঠান জালে। প্রথমার্ধের যোগ করা সময়ে সমতায় ফেরে ইরাক। গোল করে স্কোর ১-১ করেন আইমান হুসেইন।
দ্বিতীয়ার্ধেও খেলা ছিল আর্জেন্টিনার নিয়ন্ত্রণে। ৬০ মিনিটে একসঙ্গে দুটি পরিবর্তন আনেন আর্জেন্টিনার কোচ মাসচেরানো। বদলি হিসেবে নামেন লুসিয়ানো গন্ডু ও কেভিন জেনন। মাঠে নামার দুই মিনিট পরই দলকে এগিয়ে নেন গন্ডু। জেননের ক্রস ফেলেন বক্সে, হেডে গোল করেন গন্ডু। ৮৫ মিনিটে গোল করেন এজেকুয়েল ফার্নান্দেজ।
২০২০ ও ২০১৬ অলিম্পিকে পুরুষ ফুটবলে আর্জেন্টিনা গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছিল। সেই দুই আসরে গ্রুপ পর্বে একটি করে ম্যাচে জয় ও ড্র করে বাদ পড়ে আর্জেন্টিনা। ২০০৪ ও ২০০৮ অলিম্পিকে পুরুষ ফুটবলে স্বর্ণ জেতে দলটি। আর ২০১২ অলিম্পিকের মূল পর্বে উঠতে পারেনি আর্জেন্টিনা। অলিম্পিক ফুটবলে গেল দুই আসরের চ্যাম্পিয়ন ব্রাজিল এবার চূড়ান্ত পর্বে উঠতে পারেনি।
এদিকে গতকাল ‘সি’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও জয় পেয়েছে স্পেন। স্পেন ৩-১ গোলে হারিয়েছে ডমিনিকান রিপাবলিককে। তাতে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হয়েছে স্পেনের। স্প্যানিশদের হয়ে গোল তিনটি করেন ফেরমিন লোপেজ, অ্যালেক্স বেনা ও মিগুয়েল গুতিয়েরেজ।
১৬ দল নিয়ে হচ্ছে অলিম্পিকের পুরুষ ফুটবল ইভেন্ট। ফলে গ্রুপ পর্ব পেরোলেই সরাসরি কোয়ার্টার ফাইনালে খেলার সুযোগ থাকছে।