গুরুতর অসুস্থ হয়ে গত ২৩ তারিখ থেকে হাসপাতালে ভর্তি বাংলাদেশের জনপ্রিয় সংগীতশিল্পী হাসান আবিদুর রেজা জুয়েল। রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসকের নিবির পর্যবেক্ষণে রয়েছেন তিনি।
গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তির পর ৭২ ঘণ্টার পর্যবেক্ষণে ছিলেন জুয়েল। এ সময়ে অবস্থার খুব একটা পরিবর্তন হয়নি বলে চিকিৎসকের জানিয়েছেন জুয়েলের মেজ ভাই মহিবুর রেজা রুবেল।
শনিবার বিকেলে তিনি জানান, সংগীতশিল্পী হাসান আবিদুর রেজা জুয়েলের শারীরিক অবস্থার কার্যত কোনো পরিবর্তন হয়নি। তবে চিকিৎসকরা জানিয়েছেন, ফুসফুসে জমে থাকা পানি বের করা হচ্ছে তার।
তিনি জানান, শুক্রবার জুয়েলের ফুসফুস থেকে ১ লিটার জমানো পানি বের করা হয়, শনিবার বের করা হয়েছে ২ লিটার পানি। সেই সাথে কড়া ডোজের ওষুধের কারণে ইনফেকশনও অনেকটা কমতে শুরু করেছে।
প্রতিদিন বেলা ১২টার দিকে জুয়েলের শারীরিক অবস্থার আপডেট জানিয়ে ব্রিফ করেন চিকিৎসকরা। শনিবার তাদের পক্ষ থেকে জানানো হয়েছে, আগের চেয়ে ইম্প্রুভ করছেন জুয়েল। তবে নিজে নিজে শ্বাস প্রশ্বাস নিতে পারছেন না শিল্পী। কৃত্রিম উপায়ে তাকে শ্বাসপ্রশ্বাস দেয়া হচ্ছে।
রুবেল বলেন, লাইফ সাপোর্ট বলতে আমরা সাধারণত যেটা বুঝি রোগী কোমায় চলে যায়, বা তার শরীরের অঙ্গগুলো অকার্যকর হয়ে যায়- জুয়েলের ক্ষেত্রে তেমনটা না হলেও তাকে যেহেতু এখনো ভেন্টিলেশনে রেখে কৃত্রিম উপায়ে শ্বাসপ্রশ্বাস দেয়া হচ্ছে, সুতরাং বলা যায় জুয়েলও লাইফ সাপোর্টে আছেন। তবে তার শরীর রেসপন্স করছে। আমরা আশা করি, দ্রুতই জুয়েল নিজে নিজে শ্বাস নিতে পারবেন।