নদী দূষণে প্যারিস অলিম্পিকে অনুশীলন বাতিল

নদীর পানি দূষিত হওয়ায় বাতিল হয়ে গেছে প্যারিস অলিম্পিকের ট্রাইথলনের প্রথম অনুশীলন সেশন। আজ রবিবার অলিম্পিক কমিটি এবং বিশ্ব ট্রায়ালথনের এক বিবৃতিতে জানিয়েছে, পানির গুনাগুন পরীক্ষা করার পর যৌথ সিদ্ধান্তে ট্রাইথলনের সাঁতার অংশের অনুশীলন বাতিল করা হয়।

বিবৃতিতে বলা হয়েছে, ‘প্যারিস ২০২৪ ও বিশ্ব ট্রাইথলন সবসময়ই অ্যাথলেটদের সুস্বাস্থ্যেরর বিষয়টি প্রাধান্য দিয়ে আসছে। বিভিন্ন পরীক্ষার মাধ্যমে জানা গেছে, সিন নদীর পানি খেলোয়াড়দের যথেষ্ট সুরক্ষার নিশ্চয়তা দিতে পারছে না।’

এর আগে এ মাসের মাঝামাঝিতে সাঁতারের জন্য সিন নদীর পানি পুরোপুরি পরিষ্কার বলে দাবি করেছিল আয়োজকেরা। গত ১৭ জুলাই প্যারিসের মেয়র আনে হিডালগো স্বয়ং পানিতে নেমে ডুব দিয়ে প্রমাণ করার চেষ্টা করেন যে, নদীর পানি পুরোপুরি দূষণমুক্ত। কিন্তু নতুন করে নদী দূষণের ঘটনায় টানা কয়েকদিনের বৃষ্টিকে দায়ী করছেন আয়োজকেরা।

তাদের আশা, আগামী ৩০ জুলাই ট্রাইথলন প্রতিযোগিতা শুরুর আগে এই সমস্যা কাটিয়ে ওঠা যাবে। যদি শেষ পর্যন্ত নদীর পানি যদি দূষণমুক্ত করা সম্ভব না হয়, তাহলে হয় প্রতিযোগিতা কিছুদিনের জন্য পিছিয়ে দেওয়া হবে, কিংবা সাঁতারের অংশটি প্যারিসের পূর্বাঞ্চলীয় নদী মারনেতে সরিয়ে নেওয়া হবে।