সরকারি নির্দেশনা উপেক্ষা করে বিদ্যালয় খোলা

সরকারি নির্দেশ উপেক্ষা করে সোনারগাঁ উপজেলায় খোলা রাখা হয়েছে সব সরকারি প্রাথমিক বিদ্যালয়। গত বৃহস্পতিবার ও গতকাল রবিবার উপজেলার বেশ কয়েকটি সরকারি প্রাথমিক বিদ্যালয় ঘুরে দেখা গেছে প্রতিটি স্কুলই খোলা এবং শিক্ষকরা যথারীতি হাজির হয়েছেন। তবে শিক্ষকরা স্কুলে উপস্থিত হলেও কোনো শিক্ষার্থীকে স্কুলে দেখা যায়নি।

একাধিক শিক্ষকের সঙ্গে কথা বলে জানা গেছে, সরকার অনির্দিষ্টকালের জন্য সরকারি প্রাথমিক বিদ্যালয় বন্ধ রাখার ঘোষণা দিলেও উপজেলা শিক্ষা অফিসের নির্দেশনা অনুযায়ী বাধ্যতামূলকভাবে তারা প্রতিদিন স্কুলে আসছেন। স্কুলে কোনো পাঠদান না থাকলেও সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত স্কুলে বসে অলস সময় কাটাতে হচ্ছে তাদের।

উপজেলা শিক্ষা কর্মকর্তা দৌলতর রহমান জানান, কর্তৃপক্ষের নির্দেশেই সোনারগাঁ উপজেলার সব প্রাথমিক বিদ্যালয় খোলা রাখা হয়েছে। শিক্ষকদের স্কুলে অবস্থান করার নির্দেশ দেওয়া হয়েছে।