চোট নিয়ে কোপা আমেরিকা খেলা লিওনেল মেসি কবে ফিরবেন- ভক্তমহলে এখন এটাই সবচেয়ে বড় প্রশ্ন। কিন্তু প্রশ্ন উঠলেও এর জবাব দিতে পারছেন না কেউ। এর মাঝে ইন্টার মায়ামির সংবর্ধনা অনুষ্ঠানে মেসিকে খুঁড়িয়ে হাঁটতে দেখা গেছে। কিন্তু মেসির প্রত্যাবর্তনের তারিখ গোপন রেখেছে ইন্টার মিয়ামি। এমনকী তার সতীর্থ লুইস সুয়ারেজও জানেন না কবে মাঠে ফিরবেন মেসি।
আর্জেন্টাইন ফুটবল কিংবদন্তির সঙ্গে সুয়ারেজের বন্ধুত্বের কথা কে না জানে? সেই বার্সেলোনা থেকে তাদের পথচলা শুরু। উরুগুয়ের এই স্ট্রাইকার মেসির প্রত্যাবর্তন নিয়ে বলেছেন, ‘সবাই জানে এই ক্লাবের প্রতি ও নিজের দেশের প্রতি সে কতটা নিবেদিতপ্রাণ। তার আকাঙ্ক্ষা সব সময় মাঠে থাকা। দিন যত যাচ্ছে, তার মাঠে ফেরার সময়ও ঘনিয়ে আসছে। আমরা সবাই তো তাকে মাঠেই দেখতে চাই।’
গত বছর লিগ কাপ দিয়ে ইন্টার মায়ামির হয়ে মেসির যাত্রা শুরু হয়েছিল। ক্লাবকে প্রথমবার এই শিরোপাও এনে দিয়েছিলেন। এবার মেসিকে ছাড়াই লিগ কাপ শুরু করতে হয়েছে মায়ামিকে। এর আগে মেসির ক্লাব সতীর্থ জুলিয়ান গ্রেসেল বলেছিলেন, ‘সত্যি কথা বলতে, তার ফেরার দিনক্ষণ নিয়ে আমি কিছু জানি না। ভেতরের খবর আমার কাছে নেই। এটা গোপন রাখা হয়েছে।’