সিডিএতে প্রেষণে নতুন প্রধান প্রকৌশলী পদায়ন

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ) নতুন প্রধান প্রকৌশলী পেল। গণপূর্ত অধিদপ্তরের সিলেট জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী ওম প্রকাশ নন্দীকে সিডিএ’র প্রধান প্রকৌশলী হিসেবে পদায়ন করা হয়েছে। আজ (মঙ্গলবার) ৩০ জুলাই গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রশাসন অধিশাখা-১ এর যুগ্মসচিব শেখ নুর মোহাম্মদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এই আদেশ করা হয়। তবে এই পদে নতুন কোনো পদায়নের ক্ষেত্রে হাইকোর্টের স্থিতাবস্থা রয়েছে বলে জানান বর্তমানে ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী দায়িত্বে থাকা প্রকৌশলী কাজী হাসান বিন শামস।

প্রজ্ঞাপনে বলা হয়, অতিরিক্ত প্রধান প্রকৌশলী (সিভিল) কে বদলিপূর্বক পুনরাদেশ না দেয়া পর্যন্ত সিডিএ’র প্রধান প্রকৌশলী হিসেবে প্রেষণে পদায়ন করা হলো। এর আগে গত জুনে ওম প্রকাশ নন্দীকে সিডিএ’র প্রধান প্রকৌশলী হিসেবে পদায়নের অনুমোদন হয়েছিল। কিন্তু অজ্ঞাত কারণে তখন প্রজ্ঞাপন জারি হয়নি। 

এবারের জারি করা প্রজ্ঞাপন প্রসঙ্গে জানতে চাইলে মঙ্গলবার রাতে ওম প্রকাশ নন্দী বলেন, ‘আমি চট্টগ্রামের ছেলে। এর আগের আদেশটা কেন হয়নি জানি না। তাই এবার প্রজ্ঞাপন পাওয়ার পর নিশ্চিত হলাম।’ কবে নাগাদ যোগদান করবেন? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আশা করছি এক সপ্তাহের মধ্যে সিডিএ’র চেয়ারম্যানের কাছে যোগদান করব।’ 

তবে প্রধান প্রকৌশলী পদে পদায়নের ক্ষেত্রে আদালতের স্থিতাবস্থা রয়েছে বলে জানান বর্তমানে ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলীর দায়িত্বে থাকা প্রকৌশলী কাজী হাসান বিন শামস। তিনি বলেন,‘ সিডিএ ও গণপূর্ত অধিদপ্তর একই প্যাটার্নের চাকুরি প্রতিষ্ঠান নয়। একইভাবে উভয় সংস্থার কাজের ক্ষেত্রেও ভিন্নতা রয়েছে। তাই এই পদে পদায়নের ক্ষেত্রে আমার রিট আবেদনের প্রেক্ষিতে গত ৩ মার্চ তারিখে আদালত ছয় মাসের স্থিতাবস্থা দিয়েছে। নতুন করে এই পদায়নের আদেশ আদালত অবমাননার শামিল।’ 

তিনি আরো বলেন, ‘এই স্থিতাবস্থার আদেশ গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সচিব, গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী ও গণপূর্ত অধিদপ্তরের তত্বাবধায়ক প্রকৌশলী (সংস্থাপন) কে আদালত থেকে পাঠানো হয়েছে।’  

উল্লেখ্য, দীর্ঘদিন ধরে সিডিএ’র প্রধান প্রকৌশলীর ভারপ্রাপ্ত দায়িত্বে রয়েছেন কাজী হাসান বিন শামস।