ক্লাউড সিস্টেম ব্যবহারের ওপর গুরুত্ব দিয়ে কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে অর্থনৈতিক অগ্রগতির জন্য নতুন-নতুন কৌশল ও পরিকল্পনায় জোর দিয়েছে হুয়াওয়ে। এজন্য ‘ক্লাউড ফার্স্ট’ নীতিকে গুরুত্ব দিচ্ছে তারা। সম্প্রতি ঢাকায় ‘হুয়াওয়ে ক্লাউড সামিট সাউথ এশিয়া ২০২৪’ এ সিদ্ধান্ত জানায় প্রযুক্তি প্রতিষ্ঠানটি।
তথ্যপ্রযুক্তি শিল্প খাতের বিশেষজ্ঞ, ব্যবসায়িক প্রতিষ্ঠানের শীর্ষস্থানীয় কর্মকর্তা, উদ্ভাবক, ক্লাউড সেবার গ্রাহক ও অন্য সহযোগীরা এই সম্মেলনে অংশগ্রহণ করেন। সম্মেলনটিতে চতুর্থ শিল্পবিপ্লবের প্রেক্ষাপটে বাংলাদেশ ও দক্ষিণ এশিয়ায় ক্লাউড, এআই (আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স) ও বিগ ডেটার মতো আধুনিক প্রযুক্তির সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়।
হুয়াওয়ে সাউথ এশিয়ার প্রেসিডেন্ট ও হুয়াওয়ে বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা প্যান জুনফেং, হুয়াওয়ের এশিয়া প্যাসিফিক অঞ্চলের ক্লাউড বিভাগের প্রেসিডেন্ট জেন শিনজায়ান এই সম্মেলনে উপস্থিত ছিলেন। এছাড়া বাংলাদেশে অবস্থিত চীনা দূতাবাসের কাউন্সিলর সং ইয়াং এই অনুষ্ঠানের জন্য একটি ভিডিও বার্তা প্রদান করেন।
‘লিপ ইনটু ইন্টেলিজেন্স উইথ বেটার ক্লাউড’ প্রতিপাদ্যকে সামনে রেখে বক্তারা বৈশ্বিক ও আঞ্চলিক পর্যায়ে ক্লাউড প্রযুক্তির বিভিন্ন প্রয়োগ ও সফলতার চিত্র এই অনুষ্ঠানে তুলে ধরেন। এছাড়াও তারা ‘ক্লাউড ফার্স্ট’ কৌশল প্রয়োগের ওপর গুরুত্ব দেন যাতে করে নতুন ও সংশোধিত নীতিমালার মাধ্যমে দীর্ঘমেয়াদি সুবিধা পাওয়া যায়। বিজ্ঞপ্তি