পুলিশের বাধা ভেঙে চট্টগ্রাম আদালত চত্বরে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন বৈষম্যবিরোধী কয়েক হাজার শিক্ষার্থী। হত্যা, গণগ্রেপ্তার, হামলা, মামলা ও গুমের প্রতিবাদে আজ বুধবার সারা দেশে ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি পালনের অংশ হিসেবে বেলা সাড়ে ১১টা থেকে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। তাদের সঙ্গে বিএনপি-জামায়াতপন্থী আইনজীবীরাও যোগ দিয়েছেন। দুপুর ১২টার দিকে এনেক্স ভবনের সামনে বিক্ষোভকারীদের বাধা দিতে গেলে শিক্ষার্থীদের তোপের মুখে পড়েন আওয়ামী লীগপন্থী আইনজীবীরা।
সরেজমিনে দুপুর পৌনে ১২টার দিকে দেখা যায়, আদালত ভবনে ওঠার দুটি রাস্তার মুখে বিপুলসংখ্যক পুলিশ, বিজিবি সতর্ক অবস্থায় আছে। এ সময় আদালতে আসা কোনো বিচারপ্রার্থীকে ঢুকতে দেয়নি পুলিশ।
বাংলাদেশ ব্যাংকসংলগ্ন আদালতে ভবনে ওঠার রাস্তার মুখে দায়িত্বরত এক পুলিশ সদস্য দেশ রূপান্তরকে জানান, সকাল ১১টার দিকে অন্তত দুই হাজার ছাত্র আদালত চত্বরে ঢুকে পড়েন। অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ-বিজিবি সতর্ক অবস্থান নিয়েছে।
পুলিশের বাধার কারণে বেশকিছু শিক্ষার্থী আদালত ভবনের পাশে জেলা পরিষদ চত্বরে বিক্ষোভ শুরু করেন। দুপুর ১২টার দিকে তারা পুলিশের বাধা অতিক্রম করে আদালত চত্বরে ঢুকে পড়েন। শিক্ষার্থীরা সোনালী ব্যাংকের নিচে জড়ো হয়ে তুমি কে? আমি কে? রাজাকার রাজাকার, কে বলেছে, কে বলেছে? স্বৈরাচার স্বৈরাচার” এবং ‘ভুয়া ভুয়া’ বলে শ্লোগান দেন।
এর আগে বুধবার সকাল থেকেই আদালত এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাবাহিনীর সদস্যদের উপস্থিতি দেখা যায়। তারা আদালতে কোনো গাড়ি ও বিচারপ্রার্থীদের ঢুকতে দিচ্ছেন না। এ অবস্থায় চরম বিপাকে পড়েছেন বিচারপ্রার্থীরা।