পানি ভর্তি বালতি নিয়ে খেলা করার সময় বালতির পানিতে ডুবে আকিবুর নামে ১৫ মাস বয়সী একটি শিশুর মৃত্যু হয়েছে। বুধবার দুপুর আড়াইটার দিকে সদর উপজেলার কলোড়া ইউনিয়নের শিমুলিয়া গ্রামে এ ঘটনা ঘটে। শিশুটি ওই গ্রামের কাঠমিস্ত্রি শফিকুল বিশ্বাসের ছেলে।
শিশুটির চাচা মকিনুর বিশ্বাস জানান, দুপুর আড়াইটার দিকে তার ভাইয়ের শিশুপুত্র আকিবুর বাড়ির উঠানে পানি ভর্তি বালতির কাছে খেলা করছিলো। বালতি ধরে দাঁড়াতে গিয়ে অসাবধানতাবশত শিশুটির মাথা বালতির নিচের দিকে চলে যায়। বিষয়টি কারও নজরে না পড়ায় সেখানেই তার মৃত্যু হয়।
কলোড়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মেম্বার মো. জাহিদুল মোল্যা বলেন, ‘শিশুটির বাবা একজন কাঠমিস্ত্রি। মা একজন বাকপ্রতিবন্ধী। দুপুরে শিশুটি বাড়ির উঠানের পানি ভর্তি বালতি নিয়ে খেলা করছিলো। তখন শিশুটির মাথা বালতির মধ্যে পড়ে গিয়ে সেখানেই তার মৃ্ত্যু হয়েছে। বিষয়টি পুলিশ প্রশাসনকেও অবগত করা হয়েছে।’